গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৬ অক্টোবার, ২০২৬, ০১:১৪ পিএম

অনলাইন সংস্করণ

গুণী শিক্ষক হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাকৃবির অধ্যাপক ড. আব্দুল বাছেত

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০১ জন গুণী শিক্ষকের তালিকায় স্থান পেয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ফসল উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ও কৃষি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. আব্দুল বাছেত মিয়া। শিক্ষকতা, গবেষণা ও কৃষি শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গুণী শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের ক্রেস্ট, সম্মাননাপত্র ও অর্থ পুরস্কার দেওয়া হয়।

অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়ার রাষ্ট্রীয় এ সম্মাননায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

গাকৃবি উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, “এ সম্মাননা তাঁর দীর্ঘ শিক্ষকতা, গবেষণা ও কৃষি শিক্ষায় অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি। তাঁর এ অর্জন শুধু ব্যক্তিগত নয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়েরও গৌরব। তাঁর এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের অনুপ্রাণিত করবে।”

অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া বলেন, “একজন শিক্ষকের কাছে শিক্ষার্থীদের সফলতা এবং তাঁদের মাধ্যমে দেশ ও সমাজে অবদান রাখার সুযোগই সবচেয়ে বড় প্রাপ্তি। রাষ্ট্রের কাছ থেকে পাওয়া এ সম্মাননা আমার শিক্ষকতা ও গবেষণাজীবনের জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। এ সম্মাননা সহকর্মী, শিক্ষার্থী ও দীর্ঘ পথচলার সহযাত্রী সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।”

সম্প্রতি বাংলাদেশ সোসাইটি অব প্ল্যান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএসপিএসটি)-এর ২০২৬-২০২৮ মেয়াদের তৃতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া। এর আগে তিনি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিনের দায়িত্ব পালন করেন।

ফসল উদ্ভিদবিজ্ঞানে শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি গ্রন্থ রচনাতেও তাঁর অবদান রয়েছে। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘A Text Book of Embryology and Reproductive Structure of Crop Plants’, ‘Morphology and Taxonomy of Crop Plants’ এবং ‘Nutritions of Crop Plants’।

গাকৃবির প্রখ্যাত ক্রপ বোটানিস্ট হিসেবে দীর্ঘদিন ধরে কৃষি শিক্ষা ও গবেষণায় অবদান রেখে চলেছেন অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া। বিশ্ব শিক্ষক দিবসে রাষ্ট্রীয় এ সম্মাননা তাঁর দীর্ঘ একাডেমিক ও গবেষণা জীবনের স্বীকৃতি হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

মন্তব্য করুন