প্রকাশিত: ১৫ ঘন্টা আগে, ০৯:৩৩ এ এম
অনলাইন সংস্করণ
কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং দলটির সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে নগরের রামঘাট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে এবং মুন্সেফবাড়িতে বাহারের বাড়ির নিচতলায় আগুন দেওয়া হয়।
এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের একদল নেতা-কর্মী বিক্ষোভ মিছিল নিয়ে নগরের রামঘাট এলাকায় আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়ের সামনে যান।
এ সময় গোপালগঞ্জে থানায় হামলা এবং বিএনপির সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে তাঁরা বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আগুন জ্বালানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, একদল যুবক মিছিল নিয়ে সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ির সামনে যান। সেখানেও তাঁরা গোপালগঞ্জে থানায় হামলা ও এসএম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে স্লোগান দেন।
একপর্যায়ে বাড়ির নিচতলায় বাহারের ব্যক্তিগত কার্যালয়ের ফটকের ভেতরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে কার্যালয়ের সামনে কাগজ ও কাঠে পেট্রল ঢেলেও আগুন দেওয়া হয়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি। কয়েকজন যুবক বাইরে অবস্থান করে কাগজের মাধ্যমে আগুন ধরিয়ে দেন।”
মন্তব্য করুন