তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১৫ ঘন্টা আগে, ০৯:৩০ এ এম

অনলাইন সংস্করণ

উত্তরের জেলাগুলোতে বাড়ছে শীতের অনুভূতি, কমেছে তাপমাত্রা

উত্তরের জেলাগুলোতে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। ঘন মেঘ, কুয়াশা ও ঠাণ্ডা বাতাসে কয়েক দিন ধরে সূর্যের দেখা মিলছে না বেশ কয়েকটি এলাকায়। ভোররাত থেকে শীতের প্রকোপ বাড়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে শ্রমজীবী মানুষ ও কৃষকদের ভোগান্তি বেড়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। আগের দিন মঙ্গলবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র জানায়, কয়েক দিন ধরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গতকাল মঙ্গলবার সকালে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৯টায় জয়পুরহাটসহ পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমলেও কুয়াশার ঘনত্ব বেশি ছিল।

অগ্রহায়ণের শুরুতেই শীতের অনুভূতি বাড়ায় অনেকেই শীতবস্ত্র জড়িয়ে বাইরে বের হচ্ছেন। ঘন মেঘ ও শীতল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার সকাল থেকে মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে পুরো এলাকায় শীতের অনুভূতি বেড়েছে।

দিনের বেলায় সূর্যের দেখা না মেলায় স্বাভাবিক উষ্ণতা অনুভূত হচ্ছে না। সকাল থেকে দুপুর পর্যন্ত ঠাণ্ডার প্রভাব থাকায় বাইরে বের হওয়া অনেক মানুষ গরম কাপড় ব্যবহার করছেন।

এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। ঠাণ্ডা উপেক্ষা করেই অনেকে উঠতি আমন ধান কাটতে মাঠে যাচ্ছেন। অফিস-আদালতগামী চাকরিজীবী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও মেঘাচ্ছন্ন আকাশ ও ঠাণ্ডা বাতাসের মধ্যে চলাচল করতে হচ্ছে।

কুড়িগ্রাম পৌরসভার বাসিন্দা রাসেল বলেন, “ঠাণ্ডা এখনো পুরোপুরি নামেনি। কিন্তু দুইদিন ধরে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ভালোই ঠাণ্ডা লাগে। রাতে কুয়াশাচ্ছন্ন থাকে এলাকা। ফজরের সময় বেশ শীত অনুভূত হয়। শীত এলেই আমাদের মতো বয়স্ক মানুষদের অনেক কষ্ট হয়।”

সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন থেকে আসা রিকশাচালক করিম বলেন, “আকাশে মেঘ ও সুর্য দেখা যায়না। রিক্সা চালাতে পারছিনা। তবুও ১১টার পর শহরে আসলাম।”

খলিলগঞ্জ ত্রিমোহনী এলাকার বাসিন্দা দিনমজুর পরেশ জানান, “নীচু জমির ধান আগাম আমন কাটতেছি। আজ সকাল থেকে যেভাবে শীত পড়ছে এবং সুর্য দেখা যায় না। তাই ধান কাটতে দেরি হচ্ছে। তবুও জমিতে গিয়ে দেরি করে ধান কাটা শুরু করেছি।”

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “পঞ্চগড়ে আশপাশের এলাকায় বর্তমানে অতিরিক্ত জলীয় বাষ্প রয়েছে। এ কারণে আকাশ মেঘলা থাকে। আর মেঘের কারণে সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছায় না। ফলে ঠান্ডা অনুভূত হয় এবং অনেক সময় দিনেও মেঘের সঙ্গে কুয়াশা থাকে। কুয়াশার দাপটে দৃষ্টিসীমা কমে যায়। কয়েক দিনের মধ্যেই শীতের প্রকোপ বাড়তে পারে।”

এদিকে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, “বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রুপান্তরিত হাওয়ায় এ অঞ্চলে তাপমাত্রা কমেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগরের নিকটবর্তী এলাকা দিয়ে দ্রুত হিমেল হাওয়া বইছে। উত্তরের জেলাগুলোতে ঠান্ডার প্রকোপ বাড়তে শুরু করেছে। পাশাপাশি আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে।”

তিনি আরও বলেন, “গত মঙ্গলবার জেলায় তাপমাত্রা ছিল ১৯ডিগ্রি এবং আজ বুধবার তাপমাত্রা ১৭দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার এ অবস্থা আগামী এক সপ্তাহ পর্যন্ত সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।”

 

মন্তব্য করুন