প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৪০ এ এম
অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি বিশেষ অভিযানে ৩১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৫৩ বোতল চকো ডিএক্স সিরাপ ও ৩৯ বোতল মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬ হাজার ৫০০ টাকা।
৫৩ বিজিবি সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর বিকেল ৫টা ৫০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে অভিযান চালায় মাসুদপুর বিওপির একটি বিশেষ টহলদল। এ সময় ২১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
একই দিন রাত ৯টা ৫০ মিনিটে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালায় ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল। এ অভিযানে ৫৩ বোতল ভারতীয় চকো ডিএক্স সিরাপ ও ৩৯ বোতল মদ জব্দ করা হয়।
এ ছাড়া ১৮ নভেম্বর রাত ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কালুপুর গ্রামে অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে জহুরপুর বিওপির একটি বিশেষ টহলদল।
জব্দ করা সিরাপ ও মদ শিবগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি, অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা নিয়োজিত রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধসহ মাদক ও অবৈধ চোরাচালান দমনে বিজিবি নিরলসভাবে কাজ করছে।
মন্তব্য করুন