‎মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৫:২১ পিএম

অনলাইন সংস্করণ

‎বিরামপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, সমবায়ী সমাবেশ, র‍্যালী ও আলোচনা সভা

‎‘করবো সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি সমবায়ী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সমবায়ীদের অংশগ্রহণে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎সমাবেশ ও আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়ালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা রাকিবুল হাসান।
‎
‎এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হুমায়ুন কবির, উপজেলা বিএনপি'র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, পৌর বিএনপি'র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা মহিলা দলের আহবায়ক ও ইউপি সদস্য সুলতানা পারভীন, সদস্য সচিব আফরোজা বেগম লতা, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম মন্ডল, সাংবাদিক কামরুজ্জামান এবং বিরামপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি শিরীনাজ বেগম প্রমুখ।
‎
‎বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলে স্বাবলম্বী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। তাই সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
‎
‎তাঁরা আরও বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
‎
‎অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন