নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০৯:০৯ এ এম

অনলাইন সংস্করণ

ফরিদপুরে ৮ দলীয় নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় ৮ দলীয় নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার বানা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বেলবানা যুবসমাজের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন।

এ ছাড়া টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষক লিয়াকত বিশ্বাস এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সাবেক ক্রিকেটার সালিমুর রহমান সালিম।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। বানা ইউনিয়নের তরুণেরা যেন নিয়মিত খেলাধুলায় যুক্ত থাকে এবং মাদক থেকে দূরে থাকে, সে লক্ষ্যেই এ ধরনের আয়োজনকে উৎসাহিত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ করে দিতে অভিভাবক ও এলাকার মুরুব্বিদের এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে এবং সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তরুণদের উদ্দেশে তিনি ক্রিকেট, ফুটবল ও হাডুডুসহ বিভিন্ন খেলায় নিয়মিত অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি এলাকার যুবকদের খেলাধুলায় আগ্রহ বাড়াতে এবং তাদের প্রয়োজনে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
 

 

মন্তব্য করুন