স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৩:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়

জোমেল ওয়ারিক্যানের টসড আপ ডেলিভারি লং অনে ঠেলে দিয়ে এক রান নিয়েই ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তাওহিদ হৃদয়। এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে অভিষেক সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়ার কীর্তি গড়েছেন তিনি।

লাঞ্চের আগেই সেঞ্চুরি পূর্ণ করেছিলেন হৃদয়। এরপর ইনিংসের গতি বাড়ালেও পরিস্থিতি বুঝে ধীরস্থিরভাবে ব্যাটিং করেছেন। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ১১৮ বল খেলে ৯০ রান করেন তিনি। এর মধ্যে শেষ দুই বল থেকেই আসে ১০ রান। সেশন শেষ করার সময় ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে ছিলেন এই ব্যাটার।

তৃতীয় সেশনে অপেক্ষা দীর্ঘ করেননি হৃদয়। আরও একটি চার মেরে মাত্র ১৫ বলের মধ্যেই পৌঁছে যান ডাবল সেঞ্চুরিতে। এর মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস গড়েন তিনি।

এর আগে অভিষেক সেঞ্চুরিতে সবচেয়ে বড় ইনিংসের রেকর্ডটি ছিল মুমিনুল হকের দখলে। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ১৩ বছর পর সেই রেকর্ড নিজের করে নেন হৃদয়।

এবার বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়ার সামনে দাঁড়িয়ে আছেন হৃদয়। আর ২০ রান করতে পারলেই মুশফিকুর রহিমের রেকর্ড ছাড়িয়ে যাবেন তিনি। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ রান করে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েছিলেন মুশফিক।

 

মন্তব্য করুন