প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ১১:৪৫ এ এম
অনলাইন সংস্করণ
পর্দায় ‘রামায়ণ’ মহাকাব্যের সীতা চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। তবে বাস্তব জীবনে কেমন জীবনসঙ্গী চান তিনি, সম্প্রতি জনপ্রিয় অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে সে বিষয়ে নিজের পছন্দের কথা জানিয়েছেন অভিনেত্রী।
দীপাবলি উপলক্ষে আয়োজিত বিশেষ পর্বে হাজির হয়েছিলেন আসন্ন সিনেমা ‘রামায়ণ’-এর তিন তারকা রণবীর কাপুর, সাই পল্লবী ও রবি দুবে। অনুষ্ঠানে সঞ্চালক অমিতাভ বচ্চন সাই পল্লবীকে প্রশ্ন করেন, জীবনসঙ্গীর মধ্যে কী কী গুণ দেখতে চান তিনি?
উত্তরে অভিনেত্রী প্রথমেই বলেন, জীবনসঙ্গীকে ভালো মানুষ হতে হবে। তবে শুধু ভালো মানুষ হলেই চলবে না, তার মধ্যে আরও কিছু গুণ থাকা জরুরি বলে মনে করেন তিনি।
সাই পল্লবী জানান, তার জীবনসঙ্গী যেন আত্মকেন্দ্রিক না হন। নিজের কাজ, চিন্তাভাবনা ও আচরণ সম্পর্কে সচেতন থাকাও জরুরি। পাশাপাশি নিজের ভুল বুঝতে পারা এবং অন্যের ওপর দোষ না চাপিয়ে আত্মসমালোচনা করার মানসিকতা থাকতে হবে।
জীবনসঙ্গীর গুণের তালিকা দিতে গিয়ে একপর্যায়ে মজার ছলে অভিনেত্রী বলেন, ‘আমি অনেক বড় তালিকা দিয়ে ফেলছি। কিন্তু মানুষ ভালো হওয়াটা জরুরি। এসবের সঙ্গে রান্না জানলে আরও ভালো।’
সাই পল্লবীর বক্তব্যে সম্পর্কে আত্মসচেতনতা ও দায়িত্বশীলতার গুরুত্ব উঠে এসেছে। তার মতে, ভালোবাসা কিংবা ভালো ব্যবহারই যথেষ্ট নয়; নিজের আচরণ নিয়েও ভাবতে জানতে হয়। ভুল হলে তা স্বীকার করা, প্রয়োজনে ক্ষমা চাওয়া এবং নিজেকে সংশোধনের চেষ্টা করাও গুরুত্বপূর্ণ।
বিশেষ করে নিজের ভুলের দায় অন্যের ওপর না চাপিয়ে তা মেনে নেওয়ার মানসিকতাকে গুরুত্ব দিয়েছেন অভিনেত্রী। তার মতে, দুজন মানুষ নিজেদের চিন্তাভাবনা ও আচরণ সম্পর্কে সচেতন থাকলে এবং ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করলে সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠতে পারে।
মন্তব্য করুন