প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ১০:৪৫ এ এম
অনলাইন সংস্করণ
ভারতীয় অভিনেত্রী সোনারিকা ভাদোরিয়া জানিয়েছেন, মাত্র ১০-১১ বছর বয়সে একটি রেস্টুরেন্টে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শৈশবের সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী।
‘দেবো কে দেব মহাদেব’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান সোনারিকা। এ ছাড়া ‘তুম দেনা সাথ মেরা’, ‘পৃথ্বী বল্লভ’, ‘দাস্তান-এ-মোহব্বত: সেলিম আনারকলি’ ও ‘ইশক মে মরজাবা’র মতো ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।
সোনারিকা জানান, ছোটবেলায় এক পাতানো দাদাকে রাখি পরাতে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরের খাবার খেতে একটি রেস্টুরেন্টে যান। সেখানেই ঘটে হেনস্তার ঘটনা।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, রেস্টুরেন্টের এক ব্যবস্থাপক তাকে একটি দরজা থেকে অন্য দরজায় নিয়ে যাওয়ার সময় মাঝের অন্ধকার জায়গায় শরীরের স্পর্শকাতর স্থানে আপত্তিকরভাবে স্পর্শ করেন। ওই ব্যক্তি তার বুকে হাত দিয়েছিলেন বলেও জানান সোনারিকা।
ঘটনার পর হতবাক হয়ে গিয়েছিলেন তিনি। তখন কী ঘটেছিল, তা বোঝার মতো বয়সও হয়নি তার। সোনারিকা জানান, ঘটনার পর তিনি একেবারে চুপ হয়ে যান। তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করা তো দূরের কথা, পরিবারের কাউকেও বিষয়টি জানাননি।
এমনকি এখনো বাবাকে ঘটনাটি জানাননি অভিনেত্রী। তার আশঙ্কা, বাবা বিষয়টি জানতে পারলে অভিযুক্ত ব্যক্তির ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হবেন। ওই ব্যক্তি জীবিত না থাকলেও তাকে খুঁজে বের করার চেষ্টা করতে পারেন বলে মনে করেন সোনারিকা।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শৈশবের সেই ঘটনার ভয়াবহতা বুঝতে পারেন তিনি। একসময় কৈশোরে মায়ের কাছে পুরো বিষয়টি খুলে বলেন। মেয়ের মুখে এমন অভিজ্ঞতার কথা শুনে ভেঙে পড়েন তার মা। এত দিন কেন বিষয়টি গোপন রেখেছিলেন, তা জানতে চান তিনি।
জবাবে সোনারিকা জানান, ঘটনার সময় তিনি বুঝতেই পারেননি তার সঙ্গে কী করা হয়েছিল।
মন্তব্য করুন