প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৯:৩৭ এ এম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ১৬টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১২টি আসনে জয় পেয়েছে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টি। অন্যদিকে চারটি আসনে জয় পেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি।
প্রতিনিধি পরিষদে মোট আসন ৪৩৫টি। সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দলকে অন্তত ২১৮টি আসনে জয়ী হতে হবে। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে মাত্র পাঁচটি আসনের ব্যবধানে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল রিপাবলিকান পার্টি। সাধারণত অল্প ব্যবধানের আসনগুলোতেই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেশি হয়।
সংবাদমাধ্যম সিএনএনের সর্বশেষ আপডেটে এসব তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে অন্তত ৯টি অঙ্গরাজ্যের ফল আসতে শুরু করেছে। কিছু অঙ্গরাজ্যে তখনো ভোটগ্রহণ চলছিল। সেসব অঙ্গরাজ্যের ফল পেতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে বলে জানানো হয়েছে।
আলজাজিরার তথ্য অনুযায়ী, প্রতিনিধি পরিষদের আরও ৪০টি আসনে এগিয়ে রয়েছে রিপাবলিকান পার্টি। অন্যদিকে ৩৫টি আসনে এগিয়ে আছে ডেমোক্র্যাটরা। সময়ের সঙ্গে সঙ্গে এই সংখ্যায় পরিবর্তন আসতে পারে।
এদিকে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৩৫টি আসনেও ভোটগ্রহণ হয়েছে। এসব আসনের মধ্যে পাঁচটিতে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। আর দুটি আসনে এগিয়ে আছে রিপাবলিকানরা। তবে সিনেটের কোনো আসনেই এখন পর্যন্ত চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়নি।
তথ্যসূত্র: সিএনএন, আলজাজিরা।
মন্তব্য করুন