প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:০৭ এ এম
অনলাইন সংস্করণ
জন্মদিনের আয়োজন শিউলি ফুলে সাজিয়ে ব্যতিক্রমীভাবে বিশেষ দিনটি উদ্যাপন করেছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। ২৪ অক্টোবর জন্মদিনের প্রথম প্রহরে দুই সন্তানকে নিয়ে কেক কাটেন তিনি। পরে সন্ধ্যায় কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নেন এই অভিনেত্রী।
এবারের জন্মদিনের সাজসজ্জায় শিউলি ফুলকে বিশেষ গুরুত্ব দিয়েছেন পরীমনি। অনুষ্ঠানের ভেন্যুর সিঁড়িতে বিছিয়ে রাখা হয়েছিল শিউলি ফুল। তাঁর পরনের শাড়িতেও ছিল শিউলি ফুলের নকশা। পুরো আয়োজনেই ফুটে উঠেছে শরতের এই ফুলের প্রতি অভিনেত্রীর ভালো লাগা।
পরীমনি জানান, অক্টোবর মাসের কথা ভাবতেই তাঁর মাথায় শিউলি ফুলের বিষয়টি আসে। সে কারণেই জন্মদিনের আয়োজন সাজিয়েছেন এই ফুলের আদলে। এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘শিউলি ফুলের কথা মাথায় রেখেই এটা করেছি। ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম, কেউ আমাকে অনেকগুলো শিউলি ফুল এনে দাও। কিন্তু এটা আসলে সম্ভবও না। এই ফুল চার-পাঁচ ঘণ্টাও ঠিক রাখা যায় না।’
তবে পরীমনির সেই ইচ্ছার কথা জেনে চট্টগ্রাম থেকে বিমানে করে এক ভক্ত তাঁর জন্য শিউলি ফুল পাঠিয়েছেন। সেই ফুলের সবটুকু অবশ্য কাজে লাগানো সম্ভব হয়নি। এ বিষয়ে অভিনেত্রী বলেন, 'একজন আমাকে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে শিউলি ফুল পাঠিয়েছেন। সেই ফুলও পুরোপুরি ব্যবহার করতে পারিনি। ভেতরে ঢোকার সময় সিঁড়িতে নিশ্চয়ই দেখেছেন শিউলি ফুল বিছিয়ে রাখা হয়েছে। আমি চেয়েছিলাম পুরোটাই শিউলি ফুলের বাগান করে ফেলতে। কিন্তু সেটা তো সম্ভব না। তাই নিজেই একটু শিউলি ফুলের মতো সাজলাম।’
ভক্তের এমন ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরীমনি। দীর্ঘদিন ধরে ভক্ত-অনুরাগীদের কাছ থেকে পাওয়া সমর্থন ও ভালোবাসার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি সবার প্রতি কৃতজ্ঞ। শুরু থেকেই সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, পাশে থেকেছেন, আশীর্বাদ করেছেন— সবকিছু ছাপিয়ে আমাকে ভালোবেসেছেন, সেই ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। এর বিপরীতে আমি সুন্দর সুন্দর কাজ ছাড়া আর কিছুই দিতে পারব না। সেটাই যেন করতে পারি, দোয়া করবেন।’
সিনেমায় বর্তমানে নিয়মিত দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রয়েছে পরীমনির। সর্বশেষ পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ অভিনয় করেছেন তিনি। এতে তাঁর সহশিল্পী ছিলেন ইমতিয়াজ বর্ষণ।
মন্তব্য করুন