প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবার ছুটি কাটাচ্ছেন দেশের পর্যটনকেন্দ্র কক্সবাজারে। দুর্গাপূজার ছুটির আমেজ শেষ হতে না হতেই ভ্রমণে বেরিয়ে পড়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করে সৈকতে ঘোরাঘুরির মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
ফেসবুকে প্রকাশিত ছবিগুলোতে কক্সবাজার সমুদ্রসৈকতে মিমকে ভিন্ন সাজে দেখা গেছে। নীল নকশার সাদা টপস, চোখে রোদচশমা, হাতে স্টাইলিশ ব্যাগ আর চুলে ফুল—সব মিলিয়ে তার সৈকতের সাজে ছিল স্নিগ্ধতার ছোঁয়া।
সৈকতের বালুচরে সাদা ঘোড়ার পিঠে চড়তে এবং ঘোড়ার পাশে দাঁড়িয়ে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলতে দেখা গেছে অভিনেত্রীকে। মনোরম পরিবেশে তোলা ছবিগুলোতে তার ভ্রমণের আনন্দও ফুটে উঠেছে।
ছবিগুলোর সঙ্গে সংগীতশিল্পী ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর গাওয়া জনপ্রিয় গান ‘দূর দীপবাসিনী’ যুক্ত করা হয়েছে। গান ও সৈকতের দৃশ্য মিলিয়ে ছবিগুলোতে তৈরি হয়েছে এক নান্দনিক আবহ।
মিমের এসব ছবি প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে সাড়া দেখা গেছে। মন্তব্যের ঘরে অনেকে তার সাজ ও ছবির প্রশংসা করছেন। সৈকতে অভিনেত্রীর এই ভ্রমণমুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে।
মন্তব্য করুন