প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ
দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ তৈরির জন্য আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। আগামী দুই মাসের মধ্যে কমিটিকে সরকারের কাছে সুপারিশ জমা দিতে বলা হয়েছে।
গত ১৩ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নবগঠিত কমিটির সদস্যরা হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বিমানবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)। কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন মন্ত্রিপরিষদ সচিব।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি প্রয়োজন অনুযায়ী সভা করতে পারবে। প্রয়োজনে কমিটিতে নতুন সদস্য যুক্ত করার সুযোগও থাকবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থার বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে তা আরও উন্নত করার জন্য কমিটি সুপারিশ তৈরি করবে। নির্ধারিত দুই মাসের মধ্যে সেসব সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করতে হবে।
মন্তব্য করুন