স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৭ অক্টোবার, ২০২৬, ১২:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

মেসির বিদায়ের দিনেই রোনালদোর বিস্ফোরক বার্তা, ফাঁস করলেন শিবির ছাড়ার কারণ

লিওনেল মেসির বিদায়ের দিনেই পর্তুগাল জাতীয় দলের শিবির ছাড়ার নেপথ্যের ঘটনা নিয়ে বিস্ফোরক বিবৃতি দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রায় দুই হাজার শব্দের দীর্ঘ বিবৃতিতে কোচ জর্জ জেসাসের বিরুদ্ধে ‘কথা না রাখার’ অভিযোগ তোলার পাশাপাশি নিজের আচরণের জন্য সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন পর্তুগিজ মহাতারকা।

রোনালদোর দাবি, জাতীয় দলের সাম্প্রতিক আন্তর্জাতিক সূচি নিয়ে জেসাসের সঙ্গে তার একটি গোপন পরিকল্পনা হয়েছিল। সেই পরিকল্পনা অনুযায়ী নরওয়ে ও ডেনমার্কের বিপক্ষে ম্যাচে না খেললেও পর্তুগালে থেকে যাওয়ার কথা ছিল তার।

অধিনায়ক হিসেবে সতীর্থরা যখন সফরে যাবেন, তখন নিজে দেশে থেকে গেলে ভুল বার্তা তৈরি হতে পারে—এমনটা চাননি রোনালদো। কিন্তু পরে সেই পরিকল্পনা বদলে যায়। জেসাস তাকে নরওয়ের বিপক্ষে অন্তত ৩০ মিনিট মাঠে নামানোর কথা জানান বলে দাবি করেন তিনি।

রোনালদোর ভাষ্য অনুযায়ী, ম্যাচের দ্বিতীয়ার্ধ থেকে তিনি নিয়মমাফিক ওয়ার্ম-আপও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে মাঠে নামানো হয়নি। কোচের কথায় আস্থা রেখে প্রস্তুতি নেওয়ার পরও প্রতিশ্রুতি রাখা হয়নি বলে মনে করেন রোনালদো। তার দাবি, সেখান থেকেই জেসাসের ওপর তার বিশ্বাসে বড় ধরনের ধাক্কা লাগে।

এরপর পরিস্থিতি সামাল দিতে জেসাসের সঙ্গে আরেকটি বৈঠক হয় বলেও জানিয়েছেন রোনালদো। সেখানে ঠিক হয়েছিল, ডেনমার্ক ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ পুরো বিষয়টি পরিষ্কার করবেন এবং স্বীকার করবেন যে রোনালদো নিজে থেকে খেলার জন্য কোনো চাপ দেননি।

তবে রোনালদোর দাবি, সংবাদ সম্মেলনে জেসাসের বক্তব্য তাদের আগের আলোচনার সঙ্গে মিল ছিল না। বরং কোচের আচরণে তিনি ‘আগ্রাসন’ দেখেছিলেন। এটিকেই কোচের পক্ষ থেকে দ্বিতীয়বার কথা না রাখার ঘটনা হিসেবে দেখছেন রোনালদো।

এরপরই জাতীয় দলের শিবির ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে নিজের সিদ্ধান্তের দায়ও স্বীকার করেছেন রোনালদো। রাগ বা অভিমানের বশে শিবির ছাড়াটা তার উচিত হয়নি বলে সতীর্থ ও দেশের সমর্থকদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি।

অধিনায়ক হিসেবে তার দায়িত্ব আরও বেশি ছিল বলেও স্বীকার করেছেন রোনালদো। ফেডারেশন এ ঘটনায় তাকে কোনো শাস্তি দিলে সেটিও মেনে নেবেন বলে জানিয়েছেন পর্তুগিজ তারকা।

তবে রোনালদোর বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, পর্তুগাল জাতীয় দলের হয়ে তার পথচলা এখনো শেষ হয়নি। দেশের হয়ে মাঠে নেমে জেতার আকাঙ্ক্ষা আগের মতোই রয়েছে বলে স্পষ্ট করেছেন তিনি।

ফলে জেসাসের সঙ্গে চলমান বিরোধের মধ্যেও জাতীয় দলের জার্সিতে রোনালদোর অধ্যায় এখনই শেষ হচ্ছে না—তার বক্তব্যে এমনই ইঙ্গিত পাওয়া গেছে। মেসির বিদায়ের দিনে রোনালদোর এই বিস্ফোরক অবস্থান বিশ্ব ফুটবলের দুই মহাতারকার ক্যারিয়ারের শেষ অধ্যায়কে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

মন্তব্য করুন