প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ
হলিউডের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ সম্প্রতি লাস ভেগাসে নিজের রেসিডেন্সি কনসার্টে ভক্তদের সামনে ব্যক্তিগত জীবন এবং ভাঙা সম্পর্কের অভিজ্ঞতা খুলে বলেছেন। তিনি জানিয়েছেন, চারবারের বিবাহবিচ্ছেদের পরও তিনি জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রেখেছেন। জেনিফার লোপেজ বলেন, তৃতীয়বারের বিবাহবিচ্ছেদের পর তিনি যেন ‘বিচ্ছেদ সামলাতে অভ্যস্ত হয়ে উঠেছিলেন’, তবে এটি মোটেই সহজ ছিল না।
জেনিফারের তৃতীয় স্বামী ছিলেন গায়ক মার্ক অ্যান্থনি। প্রায় এক দশকের দাম্পত্য জীবনের পর ২০১১ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তখন তাদের যমজ সন্তান ম্যাক্স ও এমি মাত্র তিন বছর বয়সী ছিল। লোপেজ জানান, সে সময় তিনি মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছিলেন এবং দুই-তিন বছর বয়সী সন্তানদের একা দেখাশোনা করতে হয়েছিল।
সেই সময়ে লোপেজ সহায়তা চেয়েছিলেন স্বনির্ভরতাবিষয়ক লেখক লুসি হের-এর কাছ থেকে। হে তাকে বলেছিলেন, “তুমি তো নৃত্যশিল্পী, তাই না? যখন নাচ শেখার সময় ভুল করো, তখন কী করো?” লোপেজ বলেন, “আমি চেষ্টা চালিয়ে যাই যতক্ষণ না ঠিকভাবে করতে পারি।” হে তাকে বলেছিলেন, “ঠিক তাই—সব সময় নাচতে থাকো।” এই কথাই তাকে জীবনের কঠিন সময়ে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে।
পরবর্তীতে লোপেজ তাঁর পুরোনো প্রেমিক বেন অ্যাফ্লেক-এর সঙ্গে সম্পর্ক শুরু করেন এবং ২০২২ সালে পুনরায় বিয়ে করেন। তবে ২০২৪ সালে তাদের পুনরায় বিচ্ছেদ ঘটে। লোপেজ জানিয়েছেন, অতীতের সিদ্ধান্ত নিয়ে তিনি কোনো অনুশোচনা অনুভব করেন না।
কনসার্টে উপস্থিত দর্শকদের উদ্দেশে লোপেজ বলেন, “জীবনে যত সমস্যাই আসুক না কেন, থেমে যাওয়া যাবে না। তোমরাও যা-ই ঘটুক না কেন—জীবনের নাচ চালিয়ে যাও।”
মন্তব্য করুন