প্রকাশিত: ২১ ঘন্টা আগে, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে পবিত্র রমজান উপলক্ষে ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে আগামীকাল সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।
রোববার (৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, “বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা অত্যন্ত জরুরি।” নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, “এ লক্ষ্যে পবিত্র রমজান উপলক্ষ্যে আগামী ৯ মার্চ থেকে ঈদুল ফিতরের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত তারিখ পর্যন্ত সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।”
এ সিদ্ধান্তের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোকে বিদ্যুৎ সাশ্রয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার করে বৈদ্যুতিক বাতি কম ব্যবহার, প্রয়োজন ছাড়া লাইট ও ফ্যান বন্ধ রাখা এবং এয়ার কন্ডিশনার ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় ব্যবহারের কথা বলা হয়েছে।
এ ছাড়া অফিস কক্ষ ত্যাগের সময় সব বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখা, করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার না করা এবং বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, অফিস সময় শেষে সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা, অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার এবং যানবাহনের ব্যবহার সীমিত রাখতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোকে এসব ব্যবস্থা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্তব্য করুন