প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ
কক্সবাজারের পেকুয়ায় বাড়ির উঠানে বন্যায় পানিতে ডুবে দেড় বছরের এক শিশু মারা গেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বলিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মুশফিকুর রহিম সৌদি প্রবাসী নাছিরের ছেলে। স্থানীয় সূত্র জানায়, রাতে পরিবারের সদস্যরা খাবার খেতে ব্যস্ত থাকাকালে সবার অগোচরে শিশুটি বাড়ির উঠানে জমে থাকা বন্যার পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে ঘরে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে উঠানের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কয়েকটি এলাকায় এখনও পানি রয়েছে। তিনি অভিভাবকদের শিশুদের প্রতি সার্বক্ষণিক নজরদারি রাখার আহ্বান জানান।
মন্তব্য করুন