প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ
সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে গ্রাহকদের নিরুৎসাহিত করার অভিযোগ পাওয়ায় দেশের সব তফশিলি ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বা ঋণ ব্যবস্থাপনা বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দিষ্ট লক্ষ্যমাত্রা থাকা সত্ত্বেও কিছু তফশিলি ব্যাংক বিভিন্ন প্রক্রিয়ায় গ্রাহকদের সঞ্চয়পত্র বিনিয়োগে বাধা বা নিরুৎসাহ তৈরি করছে, যা গ্রাহকদের সাম্প্রতিক অভিযোগের ভিত্তিতে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনায় তফশিলি ব্যাংকগুলোকে তাদের আইনি দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে জানিয়েছে যে, সঞ্চয়পত্র রুলস, ১৯৭৭-এর অনুচ্ছেদ-৩ অনুযায়ী ব্যাংকগুলো সঞ্চয়পত্রের ইস্যু অফিস বা বিতরণকারী কার্যালয় হিসেবে দায়িত্ব পালন করে। ফলে বিনিয়োগকারীদের কাছে সঞ্চয়পত্র বিক্রিতে সর্বাত্মক সহযোগিতা প্রদান এবং সেবার মান নিশ্চিত করা তাদের প্রাতিষ্ঠানিক দায়িত্ব। নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলোর প্রতিটি শাখায় সঞ্চয়পত্র সংক্রান্ত কার্যক্রম এখন থেকে নিয়মিত তদারকি করতে হবে। একই সঙ্গে গ্রাহকদের তাৎক্ষণিক অভিযোগ গ্রহণের ব্যবস্থা শাখার দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং প্রাপ্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সংক্রান্ত একটি দাপ্তরিক আদেশ দেশে কার্যরত সব তফশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মন্তব্য করুন