বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৯ আগষ্ট, ২০২৬, ০৩:৪৪ পিএম

অনলাইন সংস্করণ

অর্থ ও সম্পত্তি সামলাতে বাবার সাহায্য নেন তারা সুতারিয়া

দক্ষিন ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তারা সুতারিয়া সম্প্রতি নিজের আর্থিক ব্যবস্থাপনা ও বিনিয়োগ নিয়ে কথা বলতে গিয়ে এক বিশেষ শারীরিক সমস্যার কথা প্রকাশ করেছেন। তিনি জানান, 'ডিসক্যালকুলিয়া' নামক সমস্যার কারণে সংখ্যা বোঝা এবং গাণিতিক হিসাব-নিকাশের কাজ করতে তাঁর প্রচণ্ড অসুবিধা হয়।

নিজের বিনিয়োগের কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, বিভিন্ন খাতে তাঁর বিনিয়োগের ধরন রয়েছে এবং রিয়্যাল এস্টেট বা জমি-সম্পত্তিতে বিনিয়োগ করতে তিনি বেশ পছন্দ করেন। বন্ধুদের সাথে আলোচনার পাশাপাশি গাণিতিক ও আর্থিক দিকগুলো সামলাতে তিনি প্রায়ই তাঁর বাবার ওপর নির্ভর করেন।

এ বিষয়ে খোলামেলা আলোচনা করে তারা সুতারিয়া বলেন, আমি ভাগ্যবান যে আমার বাবা আমার আর্থিক বিষয়গুলো সামলাতে সাহায্য করে। একজন নারী হিসাবে নিজের ব্যাংকের কাজ, প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে সব কিছু জানা খুব জরুরি। আমি যতটা সম্ভব বোঝার চেষ্টা করি। কিন্তু আমার এ একটি সমস্যাই রয়েছে। অঙ্ক শেখার ক্ষেত্রে আমার বড় সমস্যা হয়। একে ডিসক্যালকুলিয়া বলা হয়। আমি চেষ্টা করি, কিন্তু বেশিরভাগ সময়েই কোনো না কোনো ভুল করে ফেলি। তাই আমাকে কারও না কারও সাহায্য নিতেই হয়।

চিকিৎসাবিজ্ঞানে 'ডিসক্যালকুলিয়া' হলো শেখার একটি নির্দিষ্ট ধরন বা জটিলতা, যাকে সাধারণ ভাষায় অনেক সময় 'গণিতের ডিসলেক্সিয়া' বলা হলেও দুটি বিষয় পুরোপুরি এক নয়। এই সমস্যার কারণে অঙ্ক বা সংখ্যাভিত্তিক বিষয় বোঝা, শেখা এবং সঠিকভাবে হিসাব করা কঠিন হয়ে দাঁড়ায়।

উল্লেখ্য, গীতু মোহন দাস পরিচালিত 'টক্সিক: আ ফেয়ারি টেল ফর দ্য গ্রোন-আপস' চলচ্চিত্রে অভিনয় করেছেন তারা সুতারিয়া। এতে তাঁর সাথে স্ক্রিন শেয়ার করছেন দক্ষিণ তারকা যশ, নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্ত।

মন্তব্য করুন