তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৪ আগষ্ট, ২০২৬, ০১:০৭ পিএম

অনলাইন সংস্করণ

কাল উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, পরদিন থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত

সংগৃহিত ছবি

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি পুরো জাদুঘর ঘুরে দেখবেন বলে জানা গেছে। এরপর ৬ আগস্ট বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে জাদুঘরটির দুয়ার।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। জাদুঘর নির্মাণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত কোনো অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা আমলে নিয়ে খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম উদ্বোধনী কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীসহ সারা দেশে থাকছে নানা আয়োজন। জাদুঘর উদ্বোধনের দিন বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বসবে বর্ণাঢ্য এক কনসার্টের আসর। আগামী দিনগুলোতে জাদুঘরকে আরও সমৃদ্ধ করার পরিকল্পনার কথাও জানান তিনি।

প্রথম দিন শুধু শহীদ পরিবারের জন্য

জাদুঘরে প্রবেশাধিকার নিয়ে বিস্তারিত জানান সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। তার তথ্য অনুযায়ী, উদ্বোধনের দিন অর্থাৎ বুধবার শুধুমাত্র শহীদ পরিবারের সদস্যরাই জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন। এরপর বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীরা টিকিট কেটে প্রবেশ করতে পারবেন।

প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন কারা

সংস্কৃতি মন্ত্রণালয়ের তথ্যমতে, উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি, কূটনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সংস্কৃতিজন, রাজনৈতিক ব্যক্তিত্ব, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। অনুষ্ঠানের সমাপনী পর্বে জাদুঘরের মহাপরিচালক অতিথি, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন।

মন্তব্য করুন