প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ
দেশের বেসরকারি খাতের অন্যতম বৃহৎ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে তারল্য সংকট মোকাবিলায় ২ হাজার ৫০০ কোটি টাকা বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ অর্থ সহায়তা দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদে নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা তৈরি হয়। এ পরিস্থিতিতে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে আন্দোলন শুরু হলে বিপুলসংখ্যক গ্রাহক তাদের আমানত তুলে নিতে থাকেন। ফলে ব্যাংকটিতে তীব্র তারল্য সংকট দেখা দেয়।
এর প্রভাবে অনেক গ্রাহক চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারেননি। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নগদ সংরক্ষণ অনুপাত (সিআরআর) বজায় রাখতেও ব্যর্থ হয় ব্যাংকটি।
এই পরিস্থিতিতে গত সপ্তাহে ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে আবেদন করে। তারই প্রেক্ষিতে প্রাথমিকভাবে ২ হাজার ৫০০ কোটি টাকা ঋণ সহায়তা প্রদান করা হলো।
এর আগে শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান ইসলাম ব্যাংকটিকে সহায়তা দেওয়ার ইঙ্গিত দেন। তিনি জানান, ইসলামী ব্যাংকের বর্তমান সংকট সাময়িক এবং দ্রুত পরিস্থিতির উন্নতি হবে।
গভর্নর আরও আশ্বস্ত করেন, আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো ধরনের সমস্যা হবে না এবং কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।
মন্তব্য করুন