প্রকাশিত: ১৬ মে, ২০২৬, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ
দেশে হামের প্রকোপ অব্যাহত থাকার মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশুরই বাড়ি সিলেটে। একই সময়ে নতুন করে ৯৬১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং হামে আক্রান্ত হিসেবে নিশ্চিত হয়েছে আরও ১০৮ শিশু। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এ উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য বলছে, এই দুই মৃত্যুসহ গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে সারাদেশে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৯ জনে। একই সময়সীমায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৭৪ শিশু। অর্থাৎ, হাম ও এর উপসর্গ মিলিয়ে মোট প্রাণহানি ঘটেছে ৪৫৩টি শিশুর।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশজুড়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ৫৬ হাজার ৫৭২ শিশুর। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ছিল ৪১ হাজার ২৮ জন। কিছুটা স্বস্তির খবর হলো, আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ হাজার ৬৪৫ শিশু। অন্যদিকে, পরীক্ষার মাধ্যমে হামে আক্রান্ত হিসেবে নিশ্চিত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫২৪ জনে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুততম সময়ের মধ্যে টিকাদান কর্মসূচি জোরদার না করা গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
মন্তব্য করুন