বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ১১:১৬ এ এম

অনলাইন সংস্করণ

বাজি পোড়ানো ব্যক্তিদের জেলে পাঠানোর দাবি উরফির

দীপাবলির উৎসব শেষ হতে না হতেই ভারতের একাধিক শহরে বেড়েছে বায়ুদূষণ। বিশেষ করে দিল্লির বাতাসের মান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। উৎসবের সময় আতশবাজি পোড়ানোর কারণে দূষণ বাড়ার অভিযোগ তুলে এবার সরব হয়েছেন ইনফ্লুয়েন্সার ও রিয়্যালিটি শো তারকা অভিনেত্রী উরফি জাভেদ।

আতশবাজি পোড়ানো ব্যক্তিদের জেলে পাঠানোর দাবি জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন উরফি। সেখানে ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, কয়েকজনের দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে অন্যদেরও দূষণের ভোগান্তি পোহাতে হচ্ছে।

দিল্লির পাশাপাশি মুম্বাইয়ের বাতাসের মান নিয়েও উদ্বেগ বাড়ছে। দীপাবলির পর দুই শহরেই দূষণের মাত্রা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দিল্লির একাধিক এলাকায় বাতাসের গুণমান গুরুতর পর্যায়ে পৌঁছেছে।

উৎসবের আগে সবুজ বাজি পোড়ানোর জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের বাইরে, এমনকি রাতভর বিভিন্ন স্থানে আতশবাজি পোড়ানোর অভিযোগ উঠেছে।

শুধু উরফি নন, দীপাবলির পর বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী ভূমি পেডনেকরও। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, দীপাবলি আলো, ভালোবাসা, পরিবার ও নতুন শুরুর উৎসব। কিন্তু প্রতিবছর উৎসবের পর দূষিত বাতাস, বাজির বর্জ্য, শব্দদূষণ এবং আতঙ্কিত পশুপাখির সমস্যা সামনে আসে।

ভূমি আরও বলেন, আতশবাজি থেকে নির্গত ক্ষুদ্র কণা বাতাসের গুণমান আরও খারাপ করে তোলে। বিশেষ করে শিশু, প্রবীণ, শ্বাসকষ্টে ভোগা মানুষ এবং পশুপাখির ওপর এর প্রভাব বেশি পড়ে।

 

মন্তব্য করুন