মো:আতিক হাসান, বুটেক্স প্রতিনিধি

প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৮:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

জুলাই কালচারাল সেন্টার, বুটেক্সের উদ্যোগে ‘আধিপত্যবাদের একাল থেকে সেকাল’ শীর্ষক অনলাইন সেমিনার

মহান স্বাধীনতা দিবসের চেতনা ও তাৎপর্যকে সামনে রেখে ‘আধিপত্যবাদের একাল থেকে সেকাল: শহীদ জিয়াউর রহমান থেকে শহীদ ওসমান হাদি’ শীর্ষক এক বিশেষ অনলাইন সেমিনারের আয়োজন করেছে জুলাই কালচারাল সেন্টার, বুটেক্স। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৯টায় আয়োজিত এ সেমিনারটি সংগঠনটির ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ। সেমিনারের শুরুতে এম আর আখতার মুকুলের ঐতিহাসিক ‘চরমপত্র’-এর ৩৩তম পর্বের শেষ দুই মিনিট পাঠ করা হয়, যার মাধ্যমে আলোচনার প্রেক্ষাপট তুলে ধরা হয়।

আলোচনায় আবরার ফাইয়াজ আধিপত্যবাদের বিবর্তন এবং এর বিরুদ্ধে প্রতিরোধের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, আধিপত্যবাদবিরোধী লড়াই কেবল আধুনিক সময়ের বিষয় নয়; ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনকাল ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রভাব তরুণ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ সকল শিক্ষার্থী থেকে ওসমান হাদি পর্যন্ত সবাই আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের আধুনিক প্রতীক হিসেবে বিবেচিত। বক্তব্যে তিনি উল্লেখ করেন, আবরার ফাহাদ থেকে শুরু করে ওসমান হাদি—সব শিক্ষার্থীর রক্তই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সঙ্গে সম্পৃক্ত। পাশাপাশি প্রকৌশল শিক্ষার্থীদের শিক্ষাজীবনের পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনলাইন সেমিনারে শতাধিক দর্শক অংশগ্রহণ করেন। লাইভ চলাকালে দর্শকরা আধিপত্যবাদের বিরুদ্ধে করণীয়, শিক্ষার্থীদের দায়িত্ব এবং বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। এসব প্রশ্নের জবাবে আবরার ফাইয়াজ বলেন, “এই লড়াই শিক্ষার্থীদের পরিচয় ও স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার একটি ধারাবাহিক প্রক্রিয়া। এছাড়া এটি প্রজন্ম থেকে প্রজন্মে শিক্ষা ও দায়িত্বের একটি সূত্র হিসেবে কাজ করে, যা দেশের সার্বভৌমত্ব রক্ষায় শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তাকে তুলে ধরে।”

মন্তব্য করুন