প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। রোববার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন।
মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল জানান, সকাল ১১টা ১৭ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে উড্ডয়ন করে। প্রায় চার ঘণ্টা যাত্রা শেষে এটি সিঙ্গাপুরে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে।
এর আগে সকাল ৯টা ১০ মিনিটে সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করে। পরে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে বিমানবন্দরে নেওয়া হয়।
এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসীর আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জাফর ইকবাল।
উল্লেখ্য, গত শুক্রবার (১৩ মার্চ) মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রায় পৌনে চার ঘণ্টা ধরে চলা ওই অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে রাখা হয়।
এর আগে গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার চিকিৎসার জন্য নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
মন্তব্য করুন