বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১ ঘন্টা আগে, ১১:৪০ এ এম

অনলাইন সংস্করণ

হঠাৎ ড্রোনের আঘাত, গান থামিয়ে চলে গেলেন ‘ধুরন্ধর’ গায়িকা

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে অনুষ্ঠিত পালস ২০২৬ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফরম্যান্সের সময় ড্রোনের আঘাতে আহত হয়েছেন র্যাপার ও গায়িকা রেবল। ঘটনাটি ঘটে ২৬ নভেম্বর, গুয়াহাটির হাতিসিলায় আয়োজিত অনুষ্ঠানে। 'রান ডাউন দ্য সিটি' গানটি পরিবেশনের সময় ড্রোনটি তাঁর মুখে আঘাত করে।

অনুষ্ঠানে উপস্থিত এক দর্শক ঘটনার ভিডিও ধারণ করেন এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, গানের তালে মঞ্চে নাচছেন রেবল; হঠাৎ ড্রোনের আঘাতে থমকে যান তিনি। এরপর আর গান চালিয়ে যাওয়ার চেষ্টা না করে মঞ্চ থেকে নেমে যান। দুর্ঘটনার পর তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি এবং শিল্পীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি কেবল একটি দুর্ঘটনার ভিডিও হিসেবেই আলোচনায় আসেনি। সাম্প্রতিক সময়ে বলিউডের আলোচিত সিনেমা 'ধুরন্ধর'-এর গান দিয়ে পরিচিতি পাওয়া রেবলের জন্য এটি ছিল গুরুত্বপূর্ণ এক লাইভ পারফরম্যান্স। ফলে তাঁর ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

রেবলের আসল নাম দায়াফি লামারে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের ওয়েস্ট জয়ন্তিয়া হিলসের নাংবাহ এলাকায় তাঁর জন্ম ও বেড়ে ওঠা। শিলং ও আশপাশের পাহাড়ি অঞ্চলের পরিবেশে কেটেছে তাঁর শৈশব ও কৈশোর। এক সাক্ষাৎকারে রেবল জানিয়েছিলেন, চার-পাঁচ বছর বয়সে টেলিফোনের লাইনে একটি সুর শুনে মুগ্ধ হয়েছিলেন এবং সেই সুরের স্মৃতি এখনো তাঁর মনে গেঁথে আছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হিপহপ, রক ও ইন্ডি সংগীতের প্রতি আগ্রহ তৈরি হয়। তাঁর পছন্দের শিল্পীদের তালিকায় ছিলেন এমিনেম, বিগি, আন্দ্রে থ্রি থাউজ্যান্ড, লিংকিন পার্কসহ আরও অনেকে।

সংগীতের পথে হাঁটার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে গেছেন রেবল। বেঙ্গালুরুর বিশ্বেশ্বরাইয়া টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। ২০১৮ সাল থেকে নিয়মিত পারফর্ম করা শুরু করেন। প্রথম দিকে 'দায়া' নামে সংগীতচর্চা করলেও ২০১৯ সালে নিজের মঞ্চনাম বদলে রাখেন 'রেবল'। 'ব্যাড', 'রিজনস', 'ম্যানিফেস্ট', 'টেরর', 'সেট ইট অফ' ও 'কিল সুইচ'-এর মতো গান প্রকাশ করেছেন তিনি।

রেবলের ক্যারিয়ারে বড় মোড় আসে আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর' সিনেমার সংগীতের সঙ্গে যুক্ত হওয়ার পর। সংগীত পরিচালক শাশ্বত সচদেবের সঙ্গে কাজের সুযোগ ছিল তাঁর কাছে বলিউডে প্রবেশের নতুন দরজা। 'রান ডাউন দ্য সিটি-মনিকা' গানটিতে রেবলের কণ্ঠ ও র্যাপ বিশেষভাবে নজর কাড়ে। একই ছবির 'নাল নাচনা' এবং 'মুভ-ইয়ে ইশক ইশক' গানেও তাঁর অংশগ্রহণ ছিল।

মন্তব্য করুন