প্রকাশিত: ২১ ঘন্টা আগে, ১১:৩৮ এ এম
অনলাইন সংস্করণ
পাকিস্তানি ধারাবাহিক 'মাদার'-এ পরিবারের প্রতি দায়িত্ব ও ব্যক্তিগত ভালোবাসার টানাপোড়েনের গল্প দেখানো হচ্ছে। গ্রিন এন্টারটেইনমেন্টে প্রচারিত ধারাবাহিকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন হুমায়ুন আশরাফ ও সুমাইয়া বখশ। ২০২৬ সালের ২৩ সেপ্টেম্বর ধারাবাহিকটির প্রচার শুরু হয় এবং এটি সপ্তাহে পাঁচ দিন প্রচারিত হচ্ছে।
ধারাবাহিকটির গল্পের কেন্দ্রে রয়েছে সামার নামের একটি চরিত্র। বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় সে। মা ও ভাইবোনদের দেখাশোনার পাশাপাশি পরিবারের আর্থিক দায়িত্বও সামলাতে হয় তাকে। নিজের আইটি ব্যবসা থেকে আয় করে পরিবারের সদস্যদের ভরণপোষণের ব্যবস্থা করে সামার।
তবে সময়ের সঙ্গে তার এই উদারতা পরিবারের অন্য সদস্যদের কাছে প্রত্যাশায় পরিণত হয়। সামারের আর্থিক সহযোগিতার ওপর নির্ভরশীল হয়ে পড়ে আত্মীয়স্বজন। একপর্যায়ে তাদের মধ্যে তৈরি হয় অধিকারের মনোভাব। পরিবারের সদস্যদের লোভ ও ঈর্ষা থেকে শুরু হয় নানা দ্বন্দ্ব। যে পরিবারকে আগলে রাখতে চেয়েছিল সামার, সেই পরিবারের সদস্যদের আচরণই তার জন্য সংকট তৈরি করে।
এমন পরিস্থিতিতে সামারের জীবনে আসে জোহা। চরিত্রটিতে অভিনয় করেছেন সুমাইয়া বখশ। স্বাধীনচেতা জোহা বিয়ের বিষয়ে কিছুটা সতর্ক। শুরুতে সামার ও জোহার মধ্যে সন্দেহ ও ভুল–বোঝাবুঝি থাকলেও ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। তবে প্রেমের পথও সহজ হয় না। একদিকে পরিবারের প্রতি সামারের দায়িত্ব, অন্যদিকে নিজের ভালোবাসার মানুষকে নিয়ে নতুন জীবন শুরুর আকাঙ্ক্ষা—দুইয়ের মধ্যে ভারসাম্য রাখতে গিয়ে নানা সংকটে পড়তে হয় তাকে।
সম্প্রতি ধারাবাহিকটির একটি হানিমুনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, সামার ও জোহা একসঙ্গে সময় কাটাচ্ছেন। সকালে স্বামীর পাশে শুয়ে আদুরে ভঙ্গিতে তাঁকে ঘুম থেকে জাগিয়ে দিচ্ছেন জোহা। দৃশ্যটি ধারণ করা হয়েছে পাকিস্তানের পাহাড়ি এলাকায়।
দৃশ্যটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ কেউ সামার ও জোহার রোমান্টিক মুহূর্তকে স্বাভাবিকভাবে নিলেও অনেকে নির্মাতাদের সমালোচনা করেছেন। তাঁদের মতে, গল্পের প্রয়োজনে এমন ঘনিষ্ঠ দৃশ্য দেখানোর প্রয়োজন ছিল না। এ ঘটনা পাকিস্তানি ধারাবাহিকে রোম্যান্সের উপস্থাপন নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। দর্শকদের একাংশ মনে করেন, প্রেমের গল্প তুলে ধরতে অতিরিক্ত ঘনিষ্ঠ দৃশ্যের প্রয়োজন নেই; গল্প ও চরিত্রের আবেগের মধ্য দিয়েও রোম্যান্স ফুটিয়ে তোলা সম্ভব।
সামার চরিত্রে অভিনয় করেছেন হুমায়ুন আশরাফ এবং জোহা চরিত্রে রয়েছেন সুমাইয়া বখশ। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নিদা মুমতাজ, ফাওয়াদ জালাল, মিজনা ওয়াকাস, আফরাজ রাসুল, নাতাশা আলী, মায়া নাজ, শাজিয়া গোহর ও রিজওয়ান আলী জাফরি।
ধারাবাহিকটির চিত্রনাট্য লিখেছেন জারতাশা মাহমুদ এবং পরিচালনা করেছেন সৈয়দ ফয়সাল বুখারি। প্রযোজনা করেছে মাল্টিভার্স এন্টারটেইনমেন্ট। ধারাবাহিকটির আবহসংগীত 'তেরে ইশক মে'; গানটিতে কণ্ঠ দিয়েছেন আম্মার বেগ ও নোমাল রাও।
মন্তব্য করুন