প্রকাশিত: ২১ ঘন্টা আগে, ১১:৩৪ এ এম
অনলাইন সংস্করণ
মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি পাবলিক ফ্যান ভোটিংয়ে সুইমস্যুট ও ইভনিং গাউন—দুই বিভাগেই বিজয়ী হয়েছেন এবং ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সেরা ৩০-এ জায়গা না পেলেও এই তিন স্বীকৃতিতে নজর কেড়েছেন মাহি। তার ভাষায়, "৭৫তম মিস ইউনিভার্সে সুইমস্যুট ও ইভনিং গাউন—দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ, আর ন্যাশনাল কস্টিউম বিভাগে এসেছে প্রথম রানারআপের স্বীকৃতি।"
সুইমস্যুট পর্ব থেকেই মূলত আলোচনায় উঠে আসেন মাহি। প্রচলিত ধারা ভেঙে বিকিনির বদলে পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাকে মঞ্চে হাজির হন তিনি, যার সঙ্গে যুক্ত ছিল পেছনে ছড়িয়ে পড়া লম্বা নীল কাপড়। তার এই ব্যতিক্রমী লুক ও আত্মবিশ্বাসী পারফরম্যান্স অনলাইনে প্রশংসা পায় এবং শেষ পর্যন্ত সেই পর্বে দর্শকদের ভোটেও সাফল্য পান তিনি।
বৈশ্বিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করলেও এই অর্জন দেশের সব মানুষের বলে মনে করেন মাহি। আরেকটি পোস্টে বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের পাশে নিজের নাম দেখে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পুরো পথচলায় সমর্থকদের ভালোবাসা, দোয়া ও উৎসাহই তাকে এগিয়ে চলার সাহস দিয়েছে বলে জানান। প্রতিটি ধাপে বাংলাদেশকে মনে ধারণ করার কথা জানিয়ে এই ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন তিনি।
মন্তব্য করুন