বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৪:৪৪ পিএম

অনলাইন সংস্করণ

৫ ডিসেম্বর বিয়ে করছেন মিমি চক্রবর্তী? টালিউডে জল্পনা

কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। আগামী ৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী—এমন খবর ছড়িয়েছে টালিউডে। এর মধ্যে কলকাতার ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরে মিমির উপস্থিতি সেই জল্পনা আরও বাড়িয়েছে। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেননি অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারেন মিমি। পাত্র বিনোদন জগতের কেউ নন বলে জানা গেছে।

অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলের দাবি, সিদ্ধার্থ নামের এক ব্যক্তির সঙ্গে বেশ কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন মিমি। পেশায় তিনি নৌবাহিনীর কর্মকর্তা বলে শোনা যাচ্ছে।

এদিকে, সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরে মিমির উপস্থিতি বিয়ের জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে। বলিউড তারকাদের বিয়ের পোশাকের জন্য পরিচিত এই ডিজাইনার দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, কিয়ারা আদভানি ও অদিতি রাও হায়দারিসহ একাধিক তারকার বিয়ের পোশাক তৈরি করেছেন।

মুম্বাইয়ের পাশাপাশি দক্ষিণ কলকাতাতেও রয়েছে সব্যসাচীর স্টোর। সম্প্রতি সেখানেই হাজির হয়েছিলেন মিমি। এ কারণে প্রশ্ন উঠেছে, বিয়ের দিন কি সব্যসাচীর নকশা করা পোশাকেই দেখা যাবে এই অভিনেত্রীকে?

এ ছাড়া শোনা যাচ্ছে, ৫ ডিসেম্বরের মূল অনুষ্ঠানের আগে নভেম্বরেই আইনি বিয়ে সম্পন্ন করতে পারেন মিমি। এরপর ডিসেম্বরের শুরুতে পাহাড়ের কোলে বসতে পারে বিয়ের আসর। সম্ভাব্য স্থান হিসেবে উঠে আসছে কালিম্পংয়ের নাম। আত্মীয়স্বজনদের কাছে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছানোর কথাও শোনা যাচ্ছে।

তবে বিয়ের তারিখ, পাত্রের পরিচয় কিংবা আয়োজনের স্থান—কোনোটিই এখনো মিমি চক্রবর্তী বা তার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

 

মন্তব্য করুন