বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০ মিনিট আগে, ০৬:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

দায়িত্ব ও ব্যস্ততাই ক্লান্তির কারণ, বললেন পিয়া

আগের মতো সবসময় পরিপাটি বা গ্ল্যামারাস দেখায় না নিজেকে—এ নিয়ে কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল। পেশাগত ব্যস্ততা, দায়িত্ব ও জীবনের নানা অর্জনই তাঁর বর্তমান চেহারায় ক্লান্তির ছাপের পেছনে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের পরিবর্তন নিয়ে খোলামেলা কথা বলেন পিয়া জান্নাতুল। পোস্টে তিনি লিখেছেন, “অনেকেই আমাকে বলেন— ‘তোমাকে আজকাল খুব ক্লান্ত লাগে কেন?’ সত্যি বলতে, আমাকে ক্লান্তই দেখায়। আগের মতো সবসময় পরিপাটি বা গ্ল্যামারাসও লাগে না। কিন্তু এটা নিয়ে আমার কোনো আফসোস নেই।”

পিয়া জানান, তাঁর ক্লান্ত চেহারার পেছনে রয়েছে অনেক দায়িত্ব, ব্যস্ততা, ছোট ছোট অর্জন, ভালো লাগার মুহূর্ত এবং অসংখ্য দোয়া। একসময় যেসব বিষয় শুধু স্বপ্ন ছিল, সেগুলোর অনেক কিছুই এখন তাঁর জীবনের অংশ হয়ে উঠেছে।

নিজের পরিবর্তন নিয়ে আক্ষেপ না থাকার কারণও ব্যাখ্যা করেছেন এই মডেল-অভিনেত্রী। তিনি বলেন, “এখন বুঝি, জীবনে সব সময় সুন্দর দেখানো বা নিজেকে পারফেক্টভাবে উপস্থাপন করাটাই সবকিছু নয়।”

জীবনে সবকিছু নিখুঁত না হলেও যা পেয়েছেন, তার জন্য কৃতজ্ঞ বলে জানিয়েছেন পিয়া জান্নাতুল। তাঁর এই উপলব্ধি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনদের একাংশ। কেউ তাঁর ভাবনার প্রশংসা করেছেন, আবার কেউ জীবনের ব্যস্ততা ও মানসিক চাপ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেছেন।

 

মন্তব্য করুন