তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ১০:৪৬ এ এম

অনলাইন সংস্করণ

শ্রমিকের অর্থনৈতিক উন্নতি মানেই দেশের অর্থনৈতিক উন্নতি: নাসীরুদ্দীন পাটওয়ারী

শ্রমিকের অর্থনৈতিক উন্নতিকে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে যুক্ত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শ্রমিকের ন্যায্য মজুরির লড়াই শুধু শ্রমিকের একার লড়াই নয়, এটি একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ অর্থনীতি গড়ার লড়াই।

সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেও অনেক তরুণকে ১৫ হাজার টাকা বেতনে চাকরি করতে হয়। এ কারণে শ্রমিকের ৩০ হাজার টাকা বেতনের দাবি অনেকের কাছে আকাশকুসুম কল্পনা মনে হয়।

পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে চলমান আন্দোলনে দেশের শিক্ষিত, সচেতন ও পেশাজীবী মানুষের জোরালো সমর্থন দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

শ্রমিকের বেতন বাড়লে শুধু একজন শ্রমিকের আয় বাড়ে না, এর ইতিবাচক প্রভাব পুরো অর্থনীতিতে পড়ে বলে উল্লেখ করেন এনসিপির এই নেতা। তাঁর মতে, শ্রমিকের ক্রয়ক্ষমতা বাড়লে বাজারে চাহিদা বৃদ্ধি পায়, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে এবং সামগ্রিক অর্থনীতিতে নতুন গতি আসে।

স্ট্যাটাসে তিনি আরও বলেন, ‘মনে রাখতে হবে, শ্রমিকের অর্থনৈতিক উন্নতি মানেই দেশের অর্থনৈতিক উন্নতি। আর দেশের অর্থনৈতিক উন্নতি মানেই আপনার-আমার জীবনমানের উন্নতি।

‘শ্রমিকের ন্যায্য মজুরির লড়াই শুধু শ্রমিকের একার লড়াই নয়, এটি একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ অর্থনীতি গড়ার লড়াই।’

 

মন্তব্য করুন