প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৯:২৮ এ এম
অনলাইন সংস্করণ
বাসায় ইন্টারনেট ব্যবহারের সময় ধীরগতির ওয়াই-ফাই অনেকের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। অনলাইনে অফিসের কাজ, ভিডিও কল কিংবা সিনেমা দেখার সময় ইন্টারনেটের গতি কম থাকলে স্বাভাবিক কাজেও ব্যাঘাত ঘটে। বিশেষ করে টেলিভিশন, ল্যাপটপ, মুঠোফোন ও স্মার্ট স্পিকারসহ একাধিক যন্ত্র একই নেটওয়ার্কে যুক্ত থাকলে সংযোগের ওপর চাপ বাড়তে পারে।
তবে কয়েকটি সহজ পদক্ষেপ অনুসরণ করে বাড়ির ওয়াই-ফাইয়ের গতি ও সংযোগের মান উন্নত করা সম্ভব। এ ক্ষেত্রে রাউটারের অবস্থান পরিবর্তন থেকে শুরু করে অপ্রয়োজনীয় যন্ত্রের সংযোগ বিচ্ছিন্ন করার মতো কিছু বিষয় কাজে আসতে পারে।
১. রাউটারের অবস্থান ঠিক করুন
ওয়াই-ফাইয়ের গতি ও সংকেতের মান অনেকাংশে নির্ভর করে রাউটার কোথায় রাখা হয়েছে তার ওপর। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, রাউটার ঘরের মাঝামাঝি খোলা জায়গায় রাখা ভালো। এতে বাড়ির বিভিন্ন অংশে সংকেত পৌঁছাতে সুবিধা হয়।
রাউটার দেয়াল কিংবা বড় আসবাবপত্রের আড়ালে রাখা উচিত নয়। পাশাপাশি মাইক্রোওয়েভ ওভেনের মতো বৈদ্যুতিক যন্ত্র থেকেও এটি দূরে রাখতে হবে।
২. দ্রুতগতির ব্যান্ড ব্যবহার করুন
আধুনিক অধিকাংশ রাউটারে ২.৪ গিগাহার্টজ ও ৫ গিগাহার্টজ—দুই ধরনের ব্যান্ড ব্যবহারের সুবিধা রয়েছে। দ্রুতগতির ইন্টারনেট, ভিডিও কল ও অনলাইন খেলার জন্য ৫ গিগাহার্টজ ব্যান্ড ব্যবহার করা যেতে পারে।
অন্যদিকে, রাউটার থেকে দূরে থাকা যন্ত্রের ক্ষেত্রে ২.৪ গিগাহার্টজ ব্যান্ড বেশি কার্যকর হতে পারে। কারণ, এই ব্যান্ডের সংকেত তুলনামূলক বেশি দূরত্বে পৌঁছাতে পারে।
৩. রাউটার বন্ধ করে আবার চালু করুন
ইন্টারনেটের গতি কমে গেলে রাউটার বন্ধ করে কয়েক মিনিট অপেক্ষা করে আবার চালু করতে পারেন। অনেক সময় রাউটার নতুন করে চালু করলে সাময়িক প্রযুক্তিগত সমস্যা দূর হয় এবং সংযোগের গতি স্বাভাবিক হতে পারে।
পাশাপাশি কয়েক দিন পরপর রাউটার পুনরায় চালু করলে দীর্ঘ সময় ব্যবহারের কারণে তৈরি হওয়া কিছু সমস্যা সমাধানে সহায়তা করতে পারে।
৪. অপ্রয়োজনীয় যন্ত্রের সংযোগ বিচ্ছিন্ন করুন
একই ওয়াই-ফাই নেটওয়ার্কে প্রয়োজনের তুলনায় বেশি যন্ত্র যুক্ত থাকলে নেটওয়ার্কের ওপর চাপ বাড়তে পারে। তাই রাউটারের অ্যাপ বা সেটিংসে গিয়ে সংযুক্ত যন্ত্রের তালিকা পরীক্ষা করুন।
যেসব যন্ত্র নিয়মিত ব্যবহারের প্রয়োজন নেই, সেগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে দিতে পারেন। এতে নেটওয়ার্কের ওপর অপ্রয়োজনীয় চাপ কমতে পারে।
৫. পুরোনো রাউটার পরিবর্তন করুন
দীর্ঘদিন ব্যবহারের কারণে পুরোনো রাউটার বর্তমান সময়ের ইন্টারনেট ব্যবহারের চাহিদা পূরণে অক্ষম হয়ে পড়তে পারে। সে ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির রাউটার ব্যবহার করলে সংযোগের মান উন্নত হতে পারে।
তবে নতুন রাউটার কেনার আগে ইন্টারনেট সংযোগের গতি, বাড়ির আয়তন এবং ব্যবহারের প্রয়োজন বিবেচনা করা জরুরি।
এসব পদক্ষেপ নেওয়ার পরও ইন্টারনেটের গতি স্বাভাবিক না হলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) সঙ্গে যোগাযোগ করা উচিত। বাড়ির কোনো অংশে সংকেত দুর্বল কি না, কিংবা সংযোগে অন্য কোনো সমস্যা রয়েছে কি না, তা পরীক্ষা করতে বলতে পারেন।
মন্তব্য করুন