প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ
ঢালিউড অভিনেত্রী পরীমনির জন্মদিন আজ শনিবার (২৪ অক্টোবর)। এবারের জন্মদিনের প্রথম প্রহর দুই সন্তানকে নিয়ে ঘরোয়া পরিবেশে উদযাপন করেছেন তিনি। সন্তানদের ভালোবাসায় সিক্ত হয়ে কেক কাটার বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জন্মদিনের প্রথম প্রহরে কেক কাটার একটি ভিডিও প্রকাশ করেন পরীমনি। ভিডিওটির মাধ্যমে নিজের বিশেষ দিনের আনন্দঘন মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
ভিডিওতে লাল রঙের খোলা গাউন পরা পরীমনিকে হাসিমুখে জন্মদিনের কেক কাটতে দেখা যায়। এ সময় তার পাশে ছিল দুই সন্তান—ছেলে পুণ্য ও মেয়ে প্রিয়ম। কেকের ওপর জ্বলছিল মোমবাতি। কেক কাটার মুহূর্তে দুই সন্তান মাকে ভালোবাসা ও চুম্বনে ভরিয়ে দেয়।
ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে আসা পরীমনির জীবনে এখন দুই সন্তান বিশেষ জায়গা জুড়ে রয়েছে। লাল হৃদয় ও ফুলের ইমোজি দিয়ে ভিডিওটি প্রকাশ করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’
ভিডিওটি প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা পরীমনিকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই বিশেষ মুহূর্ত ঘিরে ভালোবাসা প্রকাশ করছেন অনেকে।
এর আগে দেশ-বিদেশে জমকালো আয়োজনে জন্মদিন পালন করে আলোচনায় এসেছেন পরীমনি। তবে এবার বড় আয়োজনের বদলে দুই সন্তানকে পাশে নিয়ে ঘরোয়া পরিবেশে জন্মদিনের সূচনা করলেন তিনি।
মন্তব্য করুন