প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) একটি জাহাজ আটকে পড়েছে। ‘এমভি বাংলার জয়যাত্রা’ নামের ওই জাহাজে বর্তমানে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।
জাহাজটি গত ১২ মার্চ হরমুজ প্রণালির প্রবেশমুখের কাছাকাছি পৌঁছালে এলাকায় মিসাইল হামলার খবর পাওয়া যায়। তখন সংযুক্ত আরব আমিরাতের কোস্টগার্ড নিরাপত্তার কারণে প্রণালি অতিক্রম না করে নিরাপদ এলাকায় সরে যেতে নির্দেশ দেয়। পরে জাহাজটি পারস্য উপসাগরে আগের অবস্থানে ফিরে যায়।
বর্তমানে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজার নোঙর এলাকায় অবস্থান করছে। যেহেতু এটি এখনো হরমুজ অঞ্চলের ভেতরেই রয়েছে, তাই কাতার থেকে নতুন করে পণ্য বোঝাই করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এর আগে গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে জাহাজটি। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে পৌঁছায়।
কিন্তু পরদিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরু করলে পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর মধ্যে ১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষ হওয়ার পর কুয়েতে যাওয়ার পরিকল্পনা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজটি নিরাপদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ শিপিং করপোরেশন।
জাহাজটি যেন নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারে, সে জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালানোর উদ্যোগ নিতে নৌপরিবহন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিএসসি।
মন্তব্য করুন