তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০১:০০ পিএম

অনলাইন সংস্করণ

কাল সকালে মিলছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে অনলাইনে ও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের পুনর্নিরীক্ষণের চূড়ান্ত রেজাল্ট জানতে পারবেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবাসাইটে শিক্ষার্থীরা পুনর্নিরীক্ষণের ফল দেখতে পাবেন।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার রেকর্ডসংখ্যক খাতা পুনঃযাচাইয়ের আবেদন জমা পড়েছিল। ১১টি বোর্ডে সর্বমোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা হয়।

এর মধ্যে একক বোর্ড হিসেবে ঢাকা শিক্ষা বোর্ডে সর্বাধিক ২ লাখ ৭৭ হাজার ৪০০টি উত্তরপত্রের আবেদন পড়ে। এছাড়া ময়মনসিংহে ৭১ হাজার ৬৬টি, চট্টগ্রামে ১ লাখ ১৪ হাজার ৭০৬টি, যশোরে ৭৪ হাজার ৭১৭টি, বরিশালে ৫০ হাজার ১৫৩টি এবং দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ২৮৬টি আবেদন জমা হয়।

অন্যদিকে, রাজশাহী বোর্ডে লিখিত ও ব্যবহারিক মিলিয়ে ১ লাখ ২২ হাজার ২২৮টি এবং সিলেট বোর্ডে লিখিত ও ব্যবহারিক মিলে ৬০ হাজার ৯৭৪টি উত্তরপত্র পুনঃযাচাই করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের অনলাইন আবেদন চলছে, যা ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত বহাল থাকবে। ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর সংশোধিত ফলধারীরাও ভর্তির আবেদনের সুযোগ পাবেন। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

 

মন্তব্য করুন