স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০৯:৫৭ এ এম

অনলাইন সংস্করণ

‘বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’, সাফ আয়োজকদের উদ্দেশে শ্রীলঙ্কা কোচ

সাফ চ্যাম্পিয়নশিপে রেফারিং নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। ভুটানের বিপক্ষে ২–২ গোলে ড্রয়ের পর তিনি দাবি করেছেন, এবারের আসরে বাংলাদেশকে ফাইনালে তোলার জোর চেষ্টা চলছে। একই সঙ্গে গ্রুপ পর্ব থেকেই ভিডিও সহকারী রেফারি (ভিএআর) প্রযুক্তি চালুর দাবি জানিয়েছেন তিনি।

রোববারের ম্যাচে শ্রীলঙ্কা একটি পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে এবং তাদের বিপক্ষে হওয়া অনেক ফাউল রেফারিরা দেখেননি বলে অভিযোগ করেন কুয়েতি এই কোচ। ভুটানের পক্ষে বারবার বাঁশি বাজানো হলেও শ্রীলঙ্কার ক্ষেত্রে একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে তার দাবি।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মুতাইরি বলেন, ‘আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। আমরা ভাগ্যবান ছিলাম, কারণ সুজন [পেরেরা] একটি পেনাল্টি ঠেকিয়েছে। আমার মতে ওটা পেনাল্টিই ছিল না। গ্রুপ পর্ব থেকে ভিএআর থাকলে আমার বিশ্বাস, দ্বিতীয় গোলটি অফসাইড হতো। তবে আমি নিশ্চিত নই। আমার মনে হয়, আমরা একটি পেনাল্টি পেতে পারতাম। কিন্তু আমাদের দেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘ভুটানের বিপক্ষেই যদি রেফারিংয়ে এত ভুল হয়, তাহলে বাংলাদেশের বিপক্ষে আমাদের কী হবে? এটা সাফের প্রতি আমার বার্তা। এখনই ভিএআর চালু করুন, নইলে রেফারিং নিয়ে একটা সমাধান বের করুন।’

এবারের সাফে সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ব্যবহারের কথা রয়েছে। তবে গ্রুপ পর্বেও এ প্রযুক্তি চালুর দাবি জানিয়েছেন মুতাইরি।

টুর্নামেন্টের আয়োজকদের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন তিনি। ২০২১ সালের আসরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তার দাবি, বাণিজ্যিক স্বার্থে বাংলাদেশ ও ভারতকে ফাইনালে দেখতে চায় আয়োজকেরা। অন্য দলগুলোকে কেবল প্রতিযোগিতার অংশ হিসেবে রাখা হয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।

মুতাইরি বলেন, ‘২০২১ সালের অভিজ্ঞতা আমার আছে। তাই বলছি, বাণিজ্যিক লাভের জন্য আপনারা যদি ভারত আর বাংলাদেশকে ফাইনালে চান, তাহলে ওই দুই দলকেই খেলিয়ে নিন। বাকিরা অন্য কোনো সময়ে খেলে নেবে। এবার আমি সরাসরি কিছু বলছি না। পরের বার রেফারি যদি একই ভুল করেন, আর পরিবেশ যদি একই থাকে, তাহলে ভারত আর বাংলাদেশকে ফাইনালটা দিয়ে দিন। বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন। আমাদের সময় নষ্ট হওয়া বাঁচবে।’

সেদিনের ম্যাচে বাংলাদেশ বা শ্রীলঙ্কা—কোনো দলই স্বাগতিক ছিল না। তাহলে আলোচনায় বাংলাদেশকে কেন টেনে আনলেন, এমন প্রশ্নের জবাবে মুতাইরি বলেন, স্বাগতিক দলের বিপক্ষে খেলার আগে থেকেই তার শঙ্কা তৈরি হয়েছে।

তিনি বলেন, ‘কারণটা আমি বলছি। বাংলাদেশ স্বাগতিক দল। আমি জানি, রেফারিরা মাঝে মাঝে কেমন করেন... ভুটানের বিপক্ষেই যদি এত ভুল হয়, তাহলে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে কী হবে? সাফ তখন কী করবে? ২০২১ দেখুন, ২০২৩ দেখুন, ২০১৯ দেখুন, ২০১৭ দেখুন, ২০১৫ দেখুন, ২০১৩ দেখুন। দেখুন একবার। তাই এটা বাংলাদেশ বা শ্রীলঙ্কার ব্যাপার নয়। এটা ন্যায্য খেলার ব্যাপার।’

রেফারিং নিয়ে আপত্তি থাকলেও বাংলাদেশের বিপক্ষে জমজমাট ম্যাচের প্রত্যাশা করছেন মুতাইরি। বুধবার গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

ম্যাচটি নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘আমি কিছুতেই ভয় পাই না। ফুটবল মানে ১১ জনের বিপক্ষে ১১ জন। একটা কথা আমি দিচ্ছি, শ্রীলঙ্কা–বাংলাদেশ ম্যাচ হবে সাফ কাপের ইতিহাসের সেরা ম্যাচ। আমরা আমাদের সেরাটা দেব, ওরাও ওদের সেরাটা দেবে। বাংলাদেশের জন্য আমাদের দুই গোলের ব্যবধানে হারানো খুব জরুরি। তাই আমরা মাঠে নেমে সর্বোচ্চটা দেব।’

 

মন্তব্য করুন