বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ১১:৪২ এ এম

অনলাইন সংস্করণ

বধূর সাজে ছবি প্রকাশ করে আলোচনায় তানজিন তিশা

বিভিন্ন বিতর্ক ও আইনি জটিলতার মধ্যে নতুন করে আলোচনায় এসেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সামাজিক যোগাযোগমাধ্যমে বধূর সাজে একগুচ্ছ ছবি প্রকাশ করে নিজের অবস্থান ও দৃঢ়তার বার্তা দিয়েছেন তিনি।

শাড়ি নিয়ে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আইনি জটিলতায় রয়েছেন তিশা। এর পাশাপাশি নাট্যশিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’ থেকে তার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। অভিনেত্রী সামিয়া অথৈয়ের সঙ্গে শুটিং সেটে বিরোধ ও মারামারির অভিযোগ এবং বিষয়টি সমাধানে অনীহার কারণে সংগঠনটি এ সিদ্ধান্ত নিয়েছে।

এমন পরিস্থিতির মধ্যেই শনিবার (৭ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে বধূর সাজে কয়েকটি ছবি প্রকাশ করেন তিশা। ছবিতে তাকে লাল রঙের জমকালো বেনারসি শাড়িতে দেখা গেছে। শাড়ির সোনালি ও রুপালি জরির কারুকাজ, নকশাদার ব্লাউজ এবং লাল ওড়নায় ফুটে উঠেছে ঐতিহ্যবাহী বাঙালি বধূর সাজ।

মাথার টিকলি, ভারী সোনালি অলংকার, কানের ঝুমকা, গলার চোকার এবং খোঁপায় সাজানো সাদা ফুল তার সাজে বাড়তি আকর্ষণ যোগ করেছে। সব মিলিয়ে ঐতিহ্যবাহী বধূর সাজে নজর কেড়েছেন অভিনেত্রী।

ছবিগুলোর ক্যাপশনে তিশা লিখেছেন, ‘অবিচল, আপসহীন, নির্ভীক, অবিনাশী, অদম্য, অপ্রতিরোধ্য।’ তার এই শব্দগুলোকে অনেকে প্রতিকূল পরিস্থিতিতেও নিজের অবস্থানে দৃঢ় থাকার বার্তা হিসেবে দেখছেন।

ছবিগুলো প্রকাশের পর ভক্তদের মধ্যেও সাড়া পড়ে। অনেকে তার সৌন্দর্য ও সাজের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ মজার ছলে বাস্তব জীবনেও তাকে বিয়ের পিঁড়িতে বসার পরামর্শ দিয়েছেন।

অন্যদিকে অভিনয়জীবনেও নতুন পথে এগোচ্ছেন তানজিন তিশা। টেলিভিশন নাটকে কাজের পরিমাণ কমিয়ে সিনেমায় মনোযোগ দিয়েছেন তিনি। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা রয়েছে তার।

সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটির অধিকাংশ শুটিং শেষ হলেও এখনো কাজ সম্পন্ন হয়নি। ফলে সিনেমাটির মুক্তি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

 

মন্তব্য করুন