প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ১১:৩৯ এ এম
অনলাইন সংস্করণ
আজ ১১ নভেম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা প্রয়াত মেজর এ গনির ৬৯তম মৃত্যুবার্ষিকী। ১৯১৯ সালের ১ ডিসেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়ার নাগাইশ গ্রামে জন্ম নেওয়া এই সেনা কর্মকর্তা বাঙালি মুসলমানদের জন্য পৃথক নিয়মিত বাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর অবদান এখনো নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে।
মেজর এ গনির পুরো নাম ও ব্যক্তিগত পরিচয়ের পাশাপাশি তাঁর সামরিক জীবনের উল্লেখযোগ্য অধ্যায় শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তিনি খুলনা থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করে উচ্চশিক্ষার জন্য কলকাতার ইসলামিয়া কলেজে ভর্তি হন। তবে ১৯৩৯ সালের সেপ্টেম্বরে পড়াশোনা ছেড়ে কলকাতার বেঙ্গল ফায়ার সার্ভিসে যোগ দেন।
১৯৪২ সালের ৮ জানুয়ারি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন তিনি। একই বছরের ৮ আগস্ট পদাতিক বাহিনীতে কমিশন লাভ করে ইন্ডিয়ান পাইওনিয়ার কোরে নিয়োজিত হন। যুদ্ধের সময় ব্রহ্মপুত্র নদের পূর্বাঞ্চল থেকে বার্মার আকিয়াব পর্যন্ত বিস্তৃত এলাকায় পাইওনিয়ার কোরের সদস্যদের নিয়ে শত্রুপক্ষের বিরুদ্ধে লড়াই করেন এবং আগ্রাসন প্রতিহত করতে ভূমিকা রাখেন।
বার্মা অভিযানের সময় তাঁর অধীনে যুদ্ধ করা বাঙালি মুসলিম সৈন্যদের সাহসিকতা ও যুদ্ধদক্ষতা ব্রিটিশ সেনা কর্মকর্তাদের নজর কাড়ে। অভিজ্ঞ এসব সৈন্যকে নিয়ে নিয়মিত সেনাবাহিনী গঠনের প্রস্তাব দেন ক্যাপ্টেন এ গনি। তাঁর এই উদ্যোগ পূর্ব বাংলার সৈনিকদের মধ্যে নতুন আশার সৃষ্টি করে।
ভারত বিভক্তির পর পাইওনিয়ার কোরের সৈন্যদের নিয়ে গঠিত দুটি কোম্পানি ভারতের যালনা শহর থেকে যাত্রা করে ১৯৪৭ সালের ১৭ সেপ্টেম্বর ট্রেনে ঢাকার ফুলবাড়িয়ায় পৌঁছায়। পরে কুর্মিটোলায় সেনাছাউনি গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় ১৯৪৮ সালের ১৫ ফেব্রুয়ারি কুর্মিটোলায় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
রেজিমেন্ট প্রতিষ্ঠার পর এক অনুষ্ঠানে স্থানীয় এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আইয়ুব খান বাঙালি সৈন্যদের উর্দুতে কথা বলার নির্দেশ দেন বলে উল্লেখ করা হয়েছে। এর প্রতিবাদে ক্যাপ্টেন এ গনি বলেন, "আমরা বাঙালি সৈন্যরা কখনো উর্দুতে কথা বলব না কারণ আমাদের মাতৃ ভাষা বাংলা।" এই ঘটনাকে ভাষার অধিকার প্রতিষ্ঠার পক্ষে সামরিক পরিসরে প্রথম দিকের প্রতিবাদ হিসেবে উল্লেখ করা হয়।
এরপর সামরিক কর্তৃপক্ষের সঙ্গে তাঁর মতবিরোধ বাড়তে থাকে। অভিযোগ রয়েছে, পদোন্নতি দেওয়ার পর তা বাতিল করে তাঁকে আগের পদে ফিরিয়ে নেওয়া হয় এবং বদলি করা হয়। পরে নিয়োগ কর্মকর্তা হিসেবে দেশের বিভিন্ন এলাকা ঘুরে প্রথম ও দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জন্য সদস্য সংগ্রহ করেন। তবে যে বাহিনী গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, সেখানে দীর্ঘদিন কাজ করার সুযোগ পাননি।
বৈষম্য ও নীতিগত মতবিরোধের কারণে পাকিস্তানি সামরিক কর্মকর্তাদের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটে। একপর্যায়ে ১৯৫৩ সালের ৬ নভেম্বর শারীরিক কারণ দেখিয়ে সেনাবাহিনী থেকে অব্যাহতি নেন তিনি।
সেনাবাহিনী ছাড়ার পর রাজনীতিতে সক্রিয় হন মেজর এ গনি। ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে নিজের নির্বাচনী এলাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে যুক্তফ্রন্টের মনোনীত প্রার্থীকে পরাজিত করেন। পূর্ব পাকিস্তানের প্রতি কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে তিনি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে পূর্ব পাকিস্তানে সশস্ত্র বাহিনীর সব উপাদান স্থাপন এবং সাবেক সেনাসদস্যদের পুনর্বাসন ও কল্যাণের বিষয়গুলো ছিল উল্লেখযোগ্য।
ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাশাপাশি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট গঠনের ক্ষেত্রেও তাঁর উদ্যোগের প্রভাব রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ২০০০ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কয়েকটি ইউনিট নিয়ে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের যাত্রা শুরু হয়।
১৯৫৭ সালের ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব ভেটেরান্স সম্মেলনে অংশ নেওয়ার জন্য নির্বাচিত হন মেজর এ গনি। সম্মেলনে যোগ দিতে জার্মানি যাওয়ার পর ১১ ও ১২ নভেম্বরের মধ্যবর্তী রাতে বার্লিনে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। ১৭ নভেম্বর ১৯৫৭ সালে কুমিল্লা সেনানিবাসে তাঁকে দাফন করা হয়।
মেজর এ গনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া ক্লাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সকালে কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁর সমাধিতে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। এ ছাড়া সেনাবাহিনীর প্রতিটি ইউনিটে তাঁর আত্মার মাগফেরাত ও পরিবারের কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন