প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ
সামাজিক মাধ্যমে কেন সীমিত উপস্থিতি, তা জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মেহবিশ হায়াত। ভক্তদের আগ্রহ ধরে রাখা, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং নিজের জন্য সময় বের করতেই নিয়মিত পোস্ট করেন না তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভ্যাস নিয়ে কথা বলেন 'জওয়ানি ফির নেহি আনি'খ্যাত এই অভিনেত্রী। তিনি জানান, "সাধারণত দুই থেকে তিন সপ্তাহ পরপর পোস্ট করেন। ঘন ঘন পোস্ট করলে অনুসারীদের আগ্রহ কমে যেতে পারে বলেও মনে করেন তিনি।"
মেহবিশ বলেন, "আমি প্রতি দুই থেকে তিন সপ্তাহ পরপর পোস্ট করি। আমার মনে হয়, মানুষ বিরক্ত হয়ে যায়। তাদের মধ্যে যেন আরও দেখার আগ্রহ থাকে।"
তবে শুধু ভক্তদের আগ্রহ ধরে রাখাই তার কম পোস্ট করার কারণ নয়। নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেও পছন্দ করেন তিনি। তার মতে, সামাজিক মাধ্যমে সক্রিয় থাকার অর্থ জীবনের প্রতিটি ঘটনা সবার সঙ্গে ভাগ করে নেওয়া নয়। এ প্রসঙ্গে মেহবিশ বলেন, "এর পেছনে এটাও একটা কারণ যে, আমি নিজের সবকিছু অতিরিক্তভাবে প্রকাশ করতে পছন্দ করি না।"
কাজের ব্যস্ততার মধ্যেও নিজের জন্য আলাদা সময় রাখাকে গুরুত্ব দেন মেহবিশ। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ভক্তদের জন্যও তাকে অনেকটা সময় দিতে হয়। দিনের বাকি সময়টুকুও যদি সামাজিক মাধ্যমে ব্যয় করেন, তাহলে নিজের জন্য আর কী থাকবে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
অভিনেত্রীর ভাষায়, "আমি নিজের সময় খুব ভালোবাসি। কাজ আর ভক্তদের পেছনে আমি অনেক সময় দিই। বাকি সময়টাও যদি সামাজিক মাধ্যমকে দিয়ে দিই, তাহলে আমার জন্য কী থাকবে?"
মেহবিশের বক্তব্যে স্পষ্ট, ভক্তদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে চান তিনি। তবে তার জন্য ব্যক্তিগত জীবনের প্রতিটি মুহূর্ত প্রকাশ্যে আনার প্রয়োজন দেখেন না। কখন কী শেয়ার করবেন, সেই সিদ্ধান্ত নিজের হাতেই রাখতে চান।
সামাজিক মাধ্যমে তারকাদের ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নেওয়ার প্রবণতা যখন বাড়ছে, তখন মেহবিশের এই অবস্থান ভিন্ন এক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। অনলাইনে দৃশ্যমান থাকাই যে ভক্তদের সঙ্গে সম্পর্ক ধরে রাখার একমাত্র উপায় নয়, সেটিই যেন বোঝাতে চেয়েছেন তিনি।
পাকিস্তানের বিনোদনজগতের পরিচিত মুখ মেহবিশ হায়াত 'পাঞ্জাব নেহি জাউঙ্গি', 'লোড ওয়েডিং', 'লন্ডন নেহি জাউঙ্গা' ও 'জওয়ানি ফির নেহি আনি'র মতো চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন, সামা টিভি
মন্তব্য করুন