বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১২:০৪ পিএম

অনলাইন সংস্করণ

রণবীরের তেলেগু বক্তব্য শুনে হেসে ফেললেন সাই পল্লবী

হায়দরাবাদে 'রামায়ণ: রাইজ অব আ লিজেন্ড' সিনেমার মুক্তির আগের অনুষ্ঠানে তেলেগু ভাষায় কথা বলে ভক্তদের মন জয় করেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠানে তার মুখে তেলেগু শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠেন দর্শকরা। রণবীরের এমন উদ্যোগে সহ-অভিনেত্রী সাই পল্লবীর হাসি থামছিল না।

নিতেশ তিওয়ারি পরিচালিত এই মহাকাব্যিক সিনেমায় ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর। অনুষ্ঠানে তেলেগুভাষী ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাতে প্রথমে ইংরেজিতে বক্তব্য দেন তিনি। এরপর কথা বলেন তেলেগু ভাষায়।

রণবীর বলেন, "বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আমার তেলেগুভাষী বন্ধু, ভাই ও বোনদের ধন্যবাদ জানাতে চাই। আপনারা আমাকে ও আমার কাজকে যেভাবে গ্রহণ করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের জন্য বড় পর্দায় স্মরণীয় সিনেমার অভিজ্ঞতা উপহার দিতে আমি সব সময় কঠোর পরিশ্রম করব।"

এরপর তেলেগু ভাষায় তিনি বলেন, "হায়দরাবাদে আসা আমার কাছে সব সময়ই বিশেষ কিছু। আপনাদের ভালোবাসা ও স্নেহ আমার কাছে অনেক মূল্যবান।"

স্থানীয় ভাষায় রণবীরের এমন আন্তরিক বক্তব্য শুনে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানের সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

'রামায়ণ: রাইজ অব আ লিজেন্ড' সিনেমাটি আগামী ৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। মুক্তির আগে সিনেমাটিকে ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

সূত্র: তেলুগু সিনেমা, অন্ধ্রবিলাস

মন্তব্য করুন