তথ্য ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১২:২৫ পিএম

অনলাইন সংস্করণ

কিশোরদের অনলাইন নিরাপত্তা জোরদারে নতুন গোপনীয়তা নীতি চালু করল স্ন্যাপচ্যাট

ছবি: এআই

কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা আরও জোরদার করতে নতুন গোপনীয়তা নীতি চালু করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাট। নতুন ব্যবস্থার আওতায় ১৩ থেকে ১৫ বছর বয়সি ব্যবহারকারীদের জন্য প্রাইভেট প্রোফাইল সুবিধা চালু করা হয়েছে।

স্ন্যাপচ্যাট জানায়, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের ঝুঁকি কমানো, সামাজিক চাপ হ্রাস করা এবং অভিভাবকদের জন্য আরও কার্যকর তদারকির সুযোগ তৈরি করা।

নতুন নীতিমালা অনুযায়ী, ১৩ থেকে ১৫ বছর বয়সি ব্যবহারকারীদের স্টোরি ও স্পটলাইট পোস্ট এখন থেকে শুধুমাত্র পারস্পরিক বন্ধুদের কাছেই দৃশ্যমান থাকবে। অর্থাৎ, যারা একে অপরকে অনুসরণ করেন, কেবল তারাই এসব কনটেন্ট দেখতে পারবেন। এতে অচেনা ব্যবহারকারীদের কাছে ব্যক্তিগত কনটেন্ট পৌঁছানোর ঝুঁকি কমবে।

স্পটলাইট ফিচারেও আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। আগে এই বয়সি ব্যবহারকারীরা প্রকাশ্যে পোস্ট শেয়ার করতে পারতেন, তবে এখন থেকে তাদের কনটেন্ট কেবল অনুমোদিত সংযোগের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। পাশাপাশি জনপ্রিয়তা বা র‌্যাঙ্কিংভিত্তিক চাপ কমাতে কিছু এনগেজমেন্ট মেট্রিকও সরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে থেকেই কিশোরদের সুরক্ষায় বিভিন্ন বিধিনিষেধ চালু রেখেছিল স্ন্যাপচ্যাট। অপরিচিতদের ফ্রেন্ড রিকোয়েস্ট ও সরাসরি বার্তা পাঠানোর ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। পরিচিত নেটওয়ার্কের বাইরে যোগাযোগের চেষ্টা হলে ব্যবহারকারীদের সতর্কবার্তাও দেওয়া হয়।

এ ছাড়া কিশোরদের জন্য কনটেন্ট প্রদর্শন সীমিত রাখা এবং ‘ফ্যামিলি সেন্টার’ টুলস সম্প্রসারণ করা হয়েছে। এর মাধ্যমে অভিভাবকেরা সন্তানদের অ্যাপ ব্যবহারের সময় ও কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন, তবে ব্যক্তিগত বার্তায় প্রবেশের সুযোগ থাকবে না।

অন্যদিকে, ১৬ থেকে ১৮ বছর বয়সি ব্যবহারকারীরা স্পটলাইটে তুলনামূলক বেশি সুবিধা পাবেন, তবে তাদের কনটেন্টও বন্ধু ও পারস্পরিক সংযোগ থাকা ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু-কিশোরদের নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা চাপের মধ্যেই স্ন্যাপচ্যাটের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এর আগে ইনস্টাগ্রামসহ অন্যান্য বড় প্ল্যাটফর্মও কিশোরদের জন্য বিশেষ নিরাপত্তা ও গোপনীয়তা সুবিধা চালু করেছে।

মন্তব্য করুন