তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১১:২৪ এ এম

অনলাইন সংস্করণ

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও প্রতিষ্ঠানটির অন্য শাখা চালু রাখতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (১৬ জুন) সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ‘হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু প্যাথলজি নয়, মগবাজার আদ-দ্বীন হাসপাতালের পূর্ণাঙ্গ লাইসেন্সই বাতিল করা হয়েছে। তবে আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা থাকলে তা পরিচালনায় কোনো বাধা নেই।

তিনি আরও বলেন, বদ্ধ ঘরে অক্সিজেনের অভাবে ছয় শিশুর মৃত্যু হয়েছে—এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও নার্সদের অবহেলা ছিল। এ কারণে দায় নিতে হবে সংশ্লিষ্টদের। অপরাধের শাস্তি হিসেবে কেবল হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, কেউ অপরাধ করে সরকারের নির্দেশনা উপেক্ষা করে পার পেয়ে যাবে—এ সুযোগ নেই।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা খাতে রোগীদের সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, চিকিৎসক ও নার্সদের সহযোগিতায় হাম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে সরকার সক্ষম হয়েছে। এ সময় তিনি চিকিৎসকদের আরও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য করুন