প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১০:০৩ এ এম
অনলাইন সংস্করণ
মধ্যপ্রাচ্যে স্থায়ী সমাধানের সম্ভাবনা কমে আসার পাশাপাশি যুদ্ধ পরিস্থিতি নতুন করে তীব্র আকার ধারণ করায় টানা চতুর্থ দিনের মতো বাড়ল বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম। এতে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের মাইলফলক স্পর্শ করার একেবারেই কাছাকাছি পৌঁছে গেছে।
গ্রিনিচ মান সময় বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টা ১ মিনিটে লন্ডনের ফিউচার মার্কেটে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৯ দশমিক ৪৯ ডলারে দাঁড়ায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৬০ ডলার বা ১ দশমিক ৭২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৬৩ ডলারে।
বাজার বিশ্লেষকদের মতে, ইরান সম্প্রতি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে নতুন করে হামলাই বিশ্বজুড়ে তেলের সরবরাহ সংকটের শঙ্কা বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই চলমান সংঘাত মধ্যপ্রাচ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জ্বালানি রুটেও ছড়িয়ে পড়ার ফলে জ্বালানি বাজারে এই বড় ধরনের প্রভাব পড়েছে।
গত আগস্টের শুরু থেকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ইতোমধ্যে প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলমান সামরিক উত্তেজনার পারদ কম না হলে খুব দ্রুতই তেলের দাম প্রতি ব্যারেলে ১০০ ডলারের বাধা অতিক্রম করবে বলে আশঙ্কা করছেন বিশ্ববাজারের ট্রেডাররা।
মন্তব্য করুন