তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১০ মে, ২০২৬, ০৭:৫১ পিএম

অনলাইন সংস্করণ

১১ মে থেকে পূর্ণাঙ্গ শাটডাউনে বরিশাল বিশ্ববিদ্যালয়

সমঝোতার পরও সংকট না কাটায় ফের উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে আগামীকাল (১১ মে) থেকে পূর্ণাঙ্গ শাটডাউনের ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। রোববার (১০ মে) শিক্ষক সমাজের ব্যানারে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

গত ২০ এপ্রিল থেকে পদোন্নতির দাবিতে টানা ১০ দিন আন্দোলনের পর ৩০ এপ্রিল বরিশালের বিভাগীয় কমিশনারের মধ্যস্থতায় একটি বৈঠকে সমাধানের পথ তৈরি হয়েছিল। সেই বৈঠকের পর শিক্ষকরা কর্মসূচি শিথিল করলে স্বাভাবিক হওয়ার আশা জেগেছিল। কিন্তু শিক্ষকদের অভিযোগ, সেই সমঝোতার কোনো বাস্তবায়ন হয়নি।

উল্টো গত ৮ মে রাত ১০টায় নোটিশ দিয়ে পরদিন সকাল ১১টায় জরুরি সিন্ডিকেট সভা ডাকেন উপাচার্য। শিক্ষকদের অভিযোগ, ওই সভায় অধিকাংশ সিন্ডিকেট সদস্যের মতামত উপেক্ষা করা হয়েছে এবং সংকট নিরসনে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

রোববারের সাধারণ সভায় শিক্ষকরা তিনটি সিদ্ধান্ত নেন , উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, ১১ মে থেকে ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ এবং প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকদের পদত্যাগ।

শিক্ষক নেতারা বলছেন, দীর্ঘদিন ধৈর্য ধরে আলোচনার পথে থেকেও ফল না পেয়ে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন তারা। তাদের দাবি, অংশীজনদের মতামতের ভিত্তিতে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করতে হবে।

এদিকে নতুন শাটডাউনের ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলে সেশনজট আরও বাড়বে বলে আশঙ্কা তাদের। 

মন্তব্য করুন